গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও ৫৬
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলায় আরও অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
স্বাস্থ্য মন্ত্রাণালয় বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ চলাকালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৪৯৫ জনে।
বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে মোট আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জনে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, অনেক হতাহত এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছে না।
গত ১৮ মার্চ, ইসরায়েলি সেনাবাহিনী একটি চুক্তি অনুযায়ী জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি সত্ত্বেও গাজায় আকস্মিক বিমান অভিযান চালায়। এতে ২ হাজার ১১১ জন নিহত এবং ৫ হাজার ৪৮৩ জন আহত হয়।
এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছে ইসরায়েল।
জনতার আওয়াজ/আ আ