গাজীপুরের টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে কর্মবিরতিতে পোশাক শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৬:৩৩ অপরাহ্ণ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করছেন ক্রস লাইন প্রাইভেট লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেন তারা।
কারখানার শ্রমিকরা জানান, গত মার্চের বকেয়া বেতন পরিশোধের জন্য এরই মধ্যে দুবার তারিখ দিয়েও বেতন দেয়নি। আবার নতুন করে ২০ এপ্রিল তারিখ ঘোষণা করেছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে তারা বেতন দিচ্ছে না। এ জন্য বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন বলে জানান শ্রমিকরা।
কারখানার মেশিন অপারেটর সেলিনা বলেন, প্রায় প্রতিবছরই ঈদ আসলে আমাদের এইভাবে হয়রানি করে। ঈদের মধ্যে ঘর ভাড়া, খাওয়া-দাওয়াসহ নানা অসুবিধায় আমাদের পড়তে হয়।
আরেক লাইনম্যান মোহাম্মদ সারাফত আলী বলেন, তারা সকালেই বাইরে নোটিশ লাগিয়ে দেয়। এরপর স্থানীয় সন্ত্রাসী সোনামিয়া ও কামালকে দিয়ে আমাদের কাজে যোগদান করতে হুমকি দেয়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের বকেয়া বেতন আদায় না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।
শিল্প পুলিশের সিনিয়র এ এস পি মোশাররফ হোসেন জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে কারখানা এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি সমাধানের লক্ষ্যে মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
জনতার আওয়াজ/আ আ