গাজীপুরে আ'লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে আ’লীগ নেতার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির কার্যালয় ও এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা ও স্থানীয়রা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে দলটির ৭০–৮০ জনে নেতাকর্মী গাছা থানা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ভাঙচুর করে এবং পরে পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়।

অভিযোগ রয়েছে, হামলার সময় দলীয় চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ভাঙচুর করা হয়। একই সঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ লাখ টাকা নগদ অর্থ, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশন এবং অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, পোশাক কারখানার ঝুট ব্যবসা ও ইন্টারনেট সংযোগ বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শাহীন মিয়া বলেন, প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করছি। একটি প্রভাবশালী মহল ব্যবসা নিয়ন্ত্রণে নিতে চাপ সৃষ্টি করছিল। তাদের দাবি না মানায় প্রথমে তারা দোকানে হামলা চালায় পরে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় তিনি গাছা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ব্যবসা সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাজনিত কারণে আশপাশের কয়েকটি দোকানপাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ