গাজীপুরে মেয়রে না থাকলেও কাউন্সিলরে লড়ছেন ২২ বিএনপি নেতা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজীপুরে মেয়রে না থাকলেও কাউন্সিলরে লড়ছেন ২২ বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ

 

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত মেনে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও দলটির বেশ কয়েকজন নেতা ও সমর্থক কাউন্সিলর পদে নির্বাচনী মাঠে রয়েছেন। তাদের অনেকেই ২০১৮ সালের নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছিলেন।

গতকাল রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লা খানসহ ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। তবে সাবেক মেয়র ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৭২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৮ মে পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ আছে, প্রতীক বরাদ্দ হবে ৯ মে। আগামী ২৫ মে এই সিটি করপোরেশনে ভোট হবে।

বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপির কোনো নেতা এবারের গাজীপুর সিটি নির্বাচনে ভোট করছেন না। তবে গাজীপুরে কারাবন্দি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে রনির বিএনপিতে কোনো পদ-পদবি নেই।

এদিকে মেয়র পদে বিএনপির কোনো প্রার্থী না থাকলেও কাউন্সিলর পদে দলটির ২২ জন নেতা ও সমর্থক মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে আটজন ২০১৮ সালের সিটি নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছিলেন।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন আলম, ১৫নং ওয়ার্ডে শ্রমিক দল নেতা ফয়সাল আহমাদ সরকার, ১৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বাসন থানা বিএনপির সদস্য সচিব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, ১৭নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম রাতা, ১৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. তানভীর আহম্মেদ, ২২নং ওয়ার্ডে বিএনপি নেতা ছবদের হাসান, ২৩নং ওয়ার্ডে বিএনপি সমর্থক খোরশেদ আলম রিপন, ২৪নং ওয়ার্ডে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাহবুবুর রশিদ খান শিপু, ২৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও বিএনপি সমর্থক মজিবুর রহমান, ২৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও সদর মেট্রো থানার সাবেক সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া হান্নু, ২৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও সদর থানা বিএনপির আহ্বায়ক মো. হাসান আজমল ভূঁইয়া কাউন্সিলর প্রার্থী হয়েছেন।

২৯নং ওয়ার্ডে বিএনপি নেতা খায়রুল আলম ও সাবেক ছাত্রদল নেতা জিএস মনির হোসেন, ৩০নং ওয়ার্ডে বিএনপি সমর্থক শামসুল আলম অরুণ, ৩৪নং ওয়ার্ডে (শরীফপুর) বিএনপি সমর্থক সাবেক কাউন্সিলর মো. মাহফুজুর রহমান, ৩৫নং ওয়ার্ডে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ৪০নং ওয়ার্ডে পূবাইল থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম বিকি, ৪২নং ওয়ার্ডে বিএনপির নেতা সুলতান উদ্দিন আহমেদ, ৪৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন আহমেদ, ৫৫নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী শ্রমিক দল নেতা আবুল হোসেন প্রার্থী হয়েছেন।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সদর মেট্রো থানার সাবেক সাধারণ সম্পাদক মো. হান্নান মিয়া হান্নু বলেন, কাউন্সিলর পদে নির্বাচনের ব্যাপারে দলীয় কোনো নির্দেশনা আমরা পাইনি। কাউন্সিলররা দলীয় প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

এ ব্যাপারে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সুরুজ আহমেদ জানান, বর্তমান সরকারের আমলে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। এটা কেন্দ্র্রীয় সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে দল।

সরকার শাহনূর ইসলাম রনির মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে তিনি বলেন, রনি বিএনপির কেউ না। তার সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। এ ছাড়া তিনি বিএনপির কোনো পদ-পদবিতে নেই। এমনকি প্রাথমিক সদস্যও নন। তাই তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করলে এতে বিএনপির কোনো কিছু বলার নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ