গাড়ি চাপায় ৬ ভাইকে হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাড়ি চাপায় ৬ ভাইকে হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১১, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় গাড়ি চাপায় ছয় ভাই নিহতের মামলায় গাড়ি চালক সাইফুলকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত। 

রবিবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার একমাত্র আসামি সাইফুলকে আমৃত্যু কারাদণ্ডের রায় প্রদান করেন। এছাড়াও রায়ে সাইফুলকে এক লাখ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডিত সাহিদুল ইসলাম ওরফে সাইফুল বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপেরপাড়া এলাকার আলী জাফরের ছেলে।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম রায় প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দণ্ডিত সাইফুলের বিরুদ্ধে দণ্ড বিধি ৩০২ ধারায় আনীত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন। 

মামলার নথির বরাত দিয়ে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম জানান, গত ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে মন্দিরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রস্তুতি করতে গিয়ে চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারের নার্সারি গেইটের সামনে সাত ভাই ও দুই বোন রাস্তার পাশে দাঁড়ালে বেপরোয়া গতিতে আসা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ছয় ভাই-ডা. অনুপম সুশীল, নিরুপম সুশীল, দীপক সুশীল, চম্পক সুশীল, স্মরণ সুশীল রক্তিম সুশীল গুরুতর জখম হয়।  এ সময় তারা চিৎকার করলে মৃত্যু নিশ্চিত করার জন্য চালক গাড়ি পেছনে নিয়ে পুনরায় তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ ভাই  এবং চিকিৎসাধীন অবস্থায় অপর এক ভাই নিহত হন।

পিপি ফরিদুল বলেন, ‘এ ঘটনায় নিহতদের ভাই প্লাবন সুশীল চকরিয়া থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ দু’পক্ষের যুক্তি গ্রহণ ও সাক্ষ্য প্রমাণ শেষে একমাত্র আসামি সাইফুলকে ৩০২ ধারা মতে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেন। মামলাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় দ্রুত বিচারিক কার্যক্রম শেষ করা হয় বলে জানান পিপি। 

রায় ঘোষণাকালে আসামি সাইদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ