গোপালগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৭, ২০২৫ ৮:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় কালের কণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় কোটালীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন সাংবাদিকরা। কর্মসূচিতে গোপালগঞ্জ জেলার অন্যান্য সাংবাদিকরাও সংহতি জানান।

মানববন্ধন শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কোটালীপাড়া প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি এইচ এম মেহেদী হাসনাত। বক্তব্য রাখেন আহত সাংবাদিক কালের কণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কংকন, এফ এম মাহবুব সুলতান, প্রমথ রঞ্জন সরকার, কাজী পলাশ, রনি আহমেদ, সমীর রায় প্রমুখ।

আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু জানান, গত ১০ আগস্ট কালের কণ্ঠ অনলাইনে কোটালীপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মো. বাহাউদ্দিন দাড়িয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সংবাদ প্রকাশিত হয়। এর জের ধরে মঙ্গলবার দুপুরে পৌর মার্কেট এলাকায় তার ও মেহেদী হাসনাতের উপর হামলা চালানো হয়। এতে এক সরকারি কর্মচারীসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।

প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসনাত বলেন, দেশে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় কোটালীপাড়ায় দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। একইসঙ্গে ঘোষণা দেন, আসামিদের গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবার থেকে তিন দিন প্রতিদিন এক ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি পালন করা হবে। এরপরও ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, এ ঘটনার পর আহত দুই সাংবাদিকের খোঁজখবর নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের স্থানীয় নেতারা। তারা আহতদের পাশে থাকার আশ্বাস দেন।

অন্যদিকে, গোপালগঞ্জের সাংবাদিক সংগঠনগুলো এ ঘটনার নিন্দা জানিয়ে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ