গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রধান শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলায় আহত-২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ১২, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধ ও চাঁদাবাজির প্রতিবাদ করায় মো. মঞ্জুরুল হক (৫০) নামে এক প্রধান শিক্ষকের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঞ্জুরুল হক স্থানীয় লাল খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা। হামলায় তিনি এবং তার মেজো ভাই মো. রফিকুল ইসলাম (৫২) গুরুতর আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শিক্ষক মঞ্জুরুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক সাড়ে ৮টায় শিক্ষক মঞ্জুরুল হক তেরশিরা পূর্বপাড়া জামে মসজিদের কাছে তার ক্ষেতে যাচ্ছিলেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। অভিযোগে নামীয় আসামিরা হলেন, মো. রিয়াজুল হাসান ওরফে রাজু মিয়া (৩২), নাজমুল হক (৪৮), শামছুল হক (৪৫), দোলন মিয়া (৪৫), এমদাদুল (৪৭), শামীম (৩৪), আল আমিন (৪২), শাহীন (৩২) এবং সাজেদা (৪০)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন এই হামলায় অংশ নেয়।
আহত শিক্ষক মঞ্জুরুল হক জানান, ৪ নং আসামির হুকুমে ২ নং আসামি লোহার রড দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে মাথার হাড় ভেঙে দেয়। তিনি মাটিতে পড়ে গেলে অন্যান্যরা তাকে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে এলাপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। এসময় তার চিৎকার শুনে মেজো ভাই রফিকুল ইসলাম এগিয়ে এলে ১ নং আসামি তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে মাথায় কোপ দেয়। এতে রফিকুল ইসলামের কপাল ও মাথার মধ্যভাগে গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া ৬ নং আসামি লোহার রড দিয়ে আঘাত করে রফিকুল ইসলামের ডান হাত ভেঙে দেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তারা হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও দাঙ্গাবাজ হিসেবে পরিচিত। জমি সংক্রান্ত বিরোধ ও তাদের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার আওয়াজ/আ আ