চট্টগ্রাম-৫বিএনপিতে একাধিক জামায়াতের প্রার্থী বদল তীক্ষ্ণ নজরে জাপা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চট্টগ্রাম-৫বিএনপিতে একাধিক জামায়াতের প্রার্থী বদল তীক্ষ্ণ নজরে জাপা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১, ২০২৫ ১:১২ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম-৫ সংসদীয় (হাটহাজারী-আংশিক বায়েজিদ) আসনে কে পরবে সংসদ সদস্যের মুকুট- তা নিয়ে চলছে তুমুল আলোচনা। ভোটের রাজনীতির মাঠ এখন চষে বেড়াচ্ছেন অসংখ্য নেতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের একাধিক নেতার ব্যানার ঝুলছে পাড়ায় পাড়ায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে মনোনয়নপ্রত্যাশী তিনজন। ব্যারিস্টার মীর হেলাল ও ব্যারিস্টার শাকিলা তরুণ রাজনীতিক হিসেবে আছেন মনোনয়ন দৌড়ে। এই আসনে ভারী ইমেজ নিয়ে মাঠে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রবীণ রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক। জামায়াত থেকে এ আসনে এখন পর্যন্ত প্রার্থী আছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের কারণে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত হওয়ার অভিযোগে হাটহাজারী উপজেলা আমীর পদ থেকে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামকে অব্যাহতি দেয়া হয়। পাশাপাশি গত ১২ই অক্টোবর তার পরিবর্তে।

এছাড়া আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) পার্টির ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) দিদারুল আলম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচন করতে পারেন। অন্যদিকে, হেফাজতের কেন্দ্রীয় নেতা নাছির জমিয়তে ওলামায়ে ইসলাম থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তবে এক সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে জোট হতে পারে বিএনপি’র। বিএনপি’র সঙ্গে জাতীয় পার্টির জোট হলে বিএনপি এ আসনে প্রার্থী দিতে পারবে না। এতে মনোনয়ন প্রত্যাশীদের কপাল পুড়তে পারে।
হাটহাজারীর তৃণমূল বিএনপি নেতাকর্মী ও রাজনীতি সচেতনরা বলছেন, এই আসনে হেভিওয়েট প্রার্থী হিসেবে বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগীয়) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তৃণমূল রাজনীতির মাঠ থেকে উঠে এসেছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মিডিয়া সেলসহ দলের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে তিনি এক যুগের বেশি সময় ধরে সক্রিয়। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। অল্প সময়ে তিনি এ আসনের মানুষের মন জয়ও করেছেন। তরুণদের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর হাটহাজারীর প্রতিটি ইউনিয়নে উঠান বৈঠক, গণ-সমাবেশ, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে বিশাল জমায়েতসহ নানা কর্মকাণ্ড করে তিনি আলোচিত।

অপরদিকে, এই আসনে বিএনপি’র সাবেক হুইপ সৈয়দ অহিদুল আলমের কন্যা হাটহাজারীতে বিএনপি’র একমাত্র নারীনেত্রী হিসেবে পরিচিত। আইনজীবী হিসেবে খ্যাতি অর্জনের পাশাপাশি রাজনৈতিকভাবে সক্রিয়। জেল-জুলুম মাড়িয়ে পুরোদমে এখন তিনি নিজেকে পরিপক্ক রাজনীতিবিদ হিসেবে গড়ে তুলেছেন। লন্ডনে দীর্ঘ সময় নির্বাসিত থাকাকালীন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের ঘনিষ্ঠতা অর্জন করেছেন। হাটহাজারীতে তার পিতার শুভাকাক্সক্ষী ও তরুণ ছাত্রদল, যুবদলের অনেকে শাকিলা ফারজানার নেতৃত্বে রাজনীতি করছেন।

অপরদিকে, চাকসু’র সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এসএম ফজলুল হক এই আসনের প্রার্থী হিসেবে নানা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এসএম ফজলুল হক ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে হাটহাজারীতে দীর্ঘদিন ধরেই গ্রহণযোগ্য রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচিত সিন্ডিকেট সদস্য হিসেবে প্রায় ৩০ বছর ধরে দায়িত্ব পালন করছেন। বিনয়ী ও প্রবীণ রাজনীতিক হিসেবে ‘ফজু ভাই’ হিসেবে হাটহাজারীর মানুষের কাছে রয়েছে ব্যাপক গ্রহণযোগ্যতা। এদিকে, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মো. দিদারুল আলম কয়েক বছর ধরে এ আসনে সভা-সমাবেশ, গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করে যাচ্ছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা নাছির উদ্দিন মুনির জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে নির্বাচন করার ঘোষণা দেন। তার সহোদর চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি ফোরকান সিকদারও ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনয়ন চাইতে পারেন এ আসনে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থিতা ঘোষণা করেন ইসলামী আন্দোলন হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মতিউল্লাহ নূরী।

এদিকে খেলাফত মজলিস বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ওজাইর আহমদ হামিদি, গণঅধিকার পরিষদ হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মো. শোয়েব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে শাহজাদা আলহাজ এডভোকেট সৈয়দ মোখতার আহমেদ সিদ্দিকী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব অধ্যাপক সৈয়দ হাফেজ আহমদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এডভোকেট আলহাজ কাজী মহসিন চৌধুরী দল থেকে সংসদ সদস্য হিসেবে প্রার্থিতা ঘোষণা করেন। এমনকি প্রার্থিতা ঘোষণা করতে পারেন, জাতীয় পার্টির চেয়ারম্যান, গত সরকারের প্রাক্তন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বীরপ্রতীক শেষ মুহূর্তে নির্বাচনে অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে এ আসনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন করবে কিনা তা কোনো সিদ্ধান্ত কেন্দ্র থেকে আসেনি বলে জানিয়েছেন এনসিপি’র চট্টগ্রাম উত্তর জেলার নেতা মো. ইব্রাহিম। এমনকি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে কোনো প্রার্থী পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ