চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য আ'লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে : ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য আ’লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

 

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান আন্দোলনকে নস্যাৎ করার জন্য আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমরা যখনই কর্মসূচি দিচ্ছি তখন একই সময় তারা (আওয়ামী লীগ) পাল্টা কর্মসূচি দিচ্ছে। তারা যে ভাষা ব্যবহার করছে সেটা সম্পূর্ণভাবে সন্ত্রাসী ভাষা।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথসভা শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, একদিকে আওয়ামী লীগের সন্ত্রাস, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সন্ত্রাস করে আন্দোলনকে দমন করার চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে আগামী ৪ ফেব্রুয়ারি সমাবেশ করবে বিএনপি।

তিনি বলেন, এই সরকার বাংলাদেশের সমস্ত অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা সবচেয়ে বড় ক্ষতি করেছে গণতন্ত্রের। গণতন্ত্রের যে কাঠামো সেটা তারা ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনী ব্যবস্থাকেও সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

মির্জা ফখরুল বলেন, গতকালকে (বুধবার) তারা যে তথাকথিত নির্বাচন অনুষ্ঠান করল (ছয়টি উপ-নির্বাচন)- এই উপনির্বাচনে ভোট প্রদানের হার তাদের হিসাব অনুযায়ী ১৫ থেকে ২০ শতাংশ। আমাদের হিসাব মতো, এটা ৫ শতাংশের বেশি না। আজ পত্র-পত্রিকায় ছবিগুলো দেখলে বুঝতে পারবেন একেবারে ২০১৪ সালের কুত্তা মার্কা নির্বাচনের মতো। ভোট কেন্দ্রে কুকুর শুয়ে আছে। আওয়ামী লীগ এই পর্যায়ে নিয়ে গিয়ে নির্বাচন ব্যবস্থাকে। গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে ফেলেছে।

২০২০ সালের ২৭ জানুয়ারি জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী সিনজো আবেকে মির্জা ফখরুল চিঠি দিয়েছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের এই মন্তব্যের জবাবে

বিএনপি মহাসচিব বলেন, আমরা তো বহু লোককে চিঠি দিয়েছি, বহু দেশকে চিঠি দিয়েছি। অবশ্যই দিয়েছি। এটা তো অস্বীকার করিনি। দেশের চলমান যে শাসন ব্যবস্থা, আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে, মানুষের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে, দুর্নীতি-লুটপাটের মধ্যে দিয়ে, রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম-খুন করছে, প্রতি মুহূর্তে মানবাধিকার লঙ্ঘন করছে- এগুলো আমরা সারা পৃথিবীকে জানিয়েছি।

আগামী ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সাংগঠনিক বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এই যৌথসভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথসভায় উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, মহানগরের রফিকুল আলম মজনু, আমিনুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ