চাঁদপুর যাচ্ছেন নাসিরুদ্দিন পাটওয়ারী ও সার্জিস আলম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

চাঁদপুর প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
আগামী ৫ জুন (শুক্রবার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দুই শীর্ষ নেতা।
দলটির মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটওয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম-এর এই আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, কেন্দ্রীয় নেতৃদ্বয় শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় শেষে বিকেল ৩টায় ছেংগারচর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন।
এনসিপি মতলব উত্তর উপজেলার সদস্য সচিব মো. ইমদাদুল ইসলাম জানান, এই সমাবেশটি মূলত ঈদ পুনর্বিলনী এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠান হিসেবে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার, তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ এবং এনসিপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া, স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়েও কথা বলবেন আমন্ত্রিত অতিথিরা।
এই জনসভায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগদান করতে যাচ্ছেন। মতলব উত্তর অঞ্চলে দলের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যেই এই বিশাল আয়োজন। স্থানীয় নেতারা আশা করছেন, কেন্দ্রীয় এই দুই হেভিওয়েট নেতার উপস্থিতি তৃণমূল কর্মীদের মধ্যে নতুন শক্তির সঞ্চার করবে, যা আগামী দিনে স্থানীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে। অনুষ্ঠানটি সফল করতে আয়োজকদের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
জনতার আওয়াজ/আ আ