চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৩, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় সাদিকুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে চকপাড়া সীমান্ত পিলার ১৮৩/৪ এস থেকে বাংলাদেশের অনুমানিক ১০০ গজ অভ্যন্তরে নামো চকপাড়ার জামতলা ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সাদিকুর শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলার-উপচকপাড়া গ্রামের তৈমুর রহমানের ছেলে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা সাদিকুরের মরদেহ উদ্ধার করেন। পরে পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, বিএসএফের কোনো গুলির আওয়াজ শোনা যায়নি। এ ছাড়া আমরাও কোনো গুলি করিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরাচালানকারীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সাদিকুর।
এ ছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম ও বিশেষ টহল চলমান রয়েছে।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ