চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণে জোর দেওয়ার তাগিদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাপ কমাতে বৃষ্টির পানি সংরক্ষণে জোর দেওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ৪, ২০২২ ৮:১৬ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে বৃষ্টির পানি সংরক্ষণ ও হাওর-বাওরের পানি ব্যবহারের ওপর জোর দেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পূর্ব-পরিকল্পনা থাকতে হবে। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অনেকটাই কমবে।’

বিশ্ব পানি দিবস উপলক্ষ্যে আজ সোমবার (৪ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।

ভৌগলিক অবস্থানের কারণে বন্যার সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘পানির অপচয় বন্ধ করতে হবে।’ এ ছাড়া নদী ড্রেজিংয়ের পলি মাটি ধানি জমিতে না ফেলে বিকল্প স্থানে ফেলার আহ্বান জানান শেখ হাসিনা।’

ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহারের ফলে দেশে ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে বলেও জানান সরকার প্রধান। বলেন, ‘বাংলাদেশে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করায় ক্ষতি আরও হবে এ কারণে যে, বাংলাদেশ ভুমিকম্পপ্রবণ একটি জায়গা। এ পানি কিন্তু আমাদের রক্ষা করে। বাংলাদেশের নিচে বিশাল শিলা আছে, তার নিচে আরও বিশাল পানির স্তর আছে। এটাই কিন্তু আমাদের রক্ষা করছে। সেখানে যদি আমরা বেশি পানি ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু ভুমিকম্প হওয়ার আশঙ্কা বেশি দেখা যায়। সেগুলো মাথায় রেখে আমাদের সব ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যে পানিসম্পদ আছে, সেটার যত্ন নিয়ে ভবিষ্যত প্রজন্মের ব্যবহার উপযোগী রাখতে হবে। পানিসম্পদ নষ্ট হয়ে গেলে কোনো সম্পদই থাকবে না।’

শেখ হাসিনা আরও বলেন, ‘বৃষ্টির পানি ভূগর্ভে যাওয়ার ব্যবস্থা রাখতে হবে। সব জায়গায় সিমেন্ট দিয়ে বন্ধ করে দিলে হবে না। ভূগর্ভের পানির চেয়ে ভূ-উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। আশপাশের জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সচিব কবির বিন আনোয়ার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ