চা-শ্রমিকদের মানবেতর জীবন, মজুরি বাড়ানোর আহ্বান বিএনপির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চা-শ্রমিকদের মানবেতর জীবন, মজুরি বাড়ানোর আহ্বান বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ১:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ১৯, ২০২২ ১:২৮ অপরাহ্ণ

 

চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ন্যায়সঙ্গত উল্লেখ করে তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।

বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতি বলা হয়, সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগানের কয়েক হাজার শ্রমিক তাদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। যৌক্তিক দাবিতে করা তাদের আন্দোলনে সংহতি জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ADVERTISEMENT

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, চা-শ্রমিকদের বর্তমান দৈনিক মজুরি ১২০ টাকা। এই স্বল্প মজুরিতে মানবেতর জীবনযাপন করা ছাড়া কোনো উপায় নেই। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই মজুরিতে চা-শ্রমিকদের অনাহারে-অর্ধাহারেই দিন কাটবে। দেশের চা-শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিকরা ধ্বংসের দ্বারপ্রান্তে। শ্রমিকদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে চা রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। চা-শ্রমিকদের অর্থনৈতিক দুরাবস্থার কারণে চা-শিল্প সংকটাপন্ন হতে পারে।

মির্জা ফখরুল বলেন, এই চা-শিল্পের উন্নতিতে শ্রমিকদের ভূমিকা অপরিসীম। কিন্তু শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের বিমাতাসুলভ আচরণ এবং তাদের ন্যায্য দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনে চা-শিল্পের উন্নতি বাধাগ্রস্ত হবে। এর ফলে চা-শিল্পে স্থবিরতা নেমে আসবে। সরকারের দুর্নীতি ও হরিলুটের কারণে ক্ষমতাসীন গোষ্ঠী ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হয়ে দেশে-বিদেশে বিপুল সম্পত্তির মালিক হচ্ছে। অন্যদিকে দেশীয় অর্থনীতির মেরুদণ্ড যে শ্রমিকরা তাদেরকে নানাভাবে বঞ্চিত করে যাঁতাকলে পিষ্ট করা হচ্ছে। মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে চা-শ্রমিকরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে না পড়েন, সেজন্য মালিক পক্ষকে দ্রুত এগিয়ে আসতে হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, চা-শ্রমিকদের ক্ষুধা, দারিদ্র্য ও ভোগান্তি নিরসনে এই মুহূর্তে তাদের ন্যায়সঙ্গত মজুরি বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। চা-শ্রমিকদের দাবি আদায়ের এই আন্দোলন ন্যায়সঙ্গত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ