চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৭ জুলাই) পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুন জেলা/মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো- চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

এতে বলা হয়, গত ২৮ জুন তারিখে দলের প্রেসিডিয়াম সভায়ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপরোক্ত ৩ (তিন) নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই পরিস্থিতিতে পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ