চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও ছাত্রদলের ৭ নেতার জামিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ১:৩৯ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও ছাত্রদলের সাত নেতার জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা কারাগার থেকে তারা মুক্ত হন।
জামিনপ্রাপ্তরা হলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফ, আহ্বায়ক সদস্য আবু বকর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক রোকন, জেলা ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক মো. ইমরান হোসেন, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা ও সদস্য আরমান খান ও আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ।
এদিকে নেতৃবৃন্দের মুক্তির খবরে তাদের ফুলেল শুভেচ্ছা জানাতে জেলগেইটে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এসময় জামিনপ্রাপ্তির পর নেতা-কর্মীদের উদ্দেশ্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, ‘জেল-জুলুম, হুলিয়া দিয়ে গণতান্ত্রিক আন্দোলন রোধ করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন চলতেই থাকবে। দশ দফা দাবির ভিত্তিতে চলমান আন্দোলন আরো বেগবান হবে।’
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপির গণমিছিলের কর্মসূচি শুরুর আগেই জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফসহ আটজন নেতাকে গ্রেফতার করে পুলিশ। এরমধ্যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ মো. রাজীব খান আগাম জামিনে থাকায় পরদিন মুক্তি পান।
জনতার আওয়াজ/আ আ