চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে: বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ২:৩৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে দলটি।
রোববার (১৯ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদুল ইসলামের সঙ্গে সংঘটিত অপ্রীতিকর ঘটনার বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নিশ্চয়তা দিয়েছেন।
তবে এর পরও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, সংবাদ জগত ও রাজনৈতিক দলের সম্পর্ক অবিচ্ছেদ্য এবং মতাদর্শের ঊর্ধ্বে বিশ্বাস ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠে। বিএনপি এই সম্পর্কের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় সাংবাদিকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি তদন্ত ও শাস্তির ব্যাপারে কোনো বিলম্ব বা শিথিলতা না করার নির্দেশ দিয়েছেন।
অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আগামীকালের মধ্যে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকসহ সকল মিডিয়া ব্যক্তিত্বের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ, বৈধ পাশ ও পরিচয়পত্র ছাড়া অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ এবং পরিস্থিতির সুযোগ নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ