চোখ হারিয়েও সি ক্যাটাগরি’জুলাই হতাহতদের তালিকা সংশোধনের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মে ১২, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মে ১২, ২০২৫ ১০:৫৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই আন্দোলনে আহতদের তালিকায় চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, অনেকেই মারাত্মক আহত হয়েও ভুল ক্যাটাগরিতে রয়েছেন। কেউ কেউ দুই চোখ হারিয়েছেন, অথচ তাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে— এটা অমানবিক ও অগ্রহণযোগ্য। তিনি এসব ত্রুটি দ্রুত সংশোধনের নির্দেশ দিয়েছেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের।
সোমবার (১২ মে) বিকেলে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে শুরু হওয়া দুইদিনব্যাপী সিভিল সার্জন সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আজ এই সম্মেলন থেকে আমাদের নতুন করে যাত্রা শুরু হলো। আমাদের যতটুকু সক্ষমতা আছে, তা দিয়েই সেবার মান বাড়ানোর দিকেই জোর দিতে হবে। মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান হতে হবে জিরো টলারেন্স।
নূরজাহান বেগম বলেন, জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের সঠিকভাবে শ্রেণিবিন্যাস করা হয়নি। কেউ কেউ চোখ হারিয়েছেন, অথচ সি ক্যাটাগরিতে রয়েছেন—এটা শুধু ত্রুটি নয়, এটি দায়িত্বে অবহেলা। এই ধরনের অব্যবস্থাপনা শুধরে নেওয়ার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।
অধিবেশনে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর সিভিল সার্জনদের উদ্দেশ্যে বলেন, আপনারা টিম হিসেবে কাজ করবেন। স্বাস্থ্যসেবা একটি সম্মিলিত প্রয়াস। মাঠপর্যায়ে এবং ঊর্ধ্বতন পর্যায়ে নিয়মিত অনলাইন মিটিং চালু করুন, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।
তিনি আরও বলেন, ভ্যাকসিন ট্রান্সপোর্ট ও সংরক্ষণে আমাদের সতর্ক হতে হবে, যাতে অপচয় না হয়। এছাড়া হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় এখনো ঘাটতি রয়েছে— এই বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।
সারাদেশের সিভিল সার্জন ও বিভাগীয় পরিচালকরা এই কার্য অধিবেশনে তাদের এলাকাভিত্তিক চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয় প্রস্তাব তুলে ধরেন।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অধিবেশনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফরসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জনতার আওয়াজ/আ আ