চ্যাটজিপিটিকে যেসব তথ্য দিলে আসতে পারে বিপদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চ্যাটজিপিটিকে যেসব তথ্য দিলে আসতে পারে বিপদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৯, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
পড়াশোনা, অফিসের কাজ, ফেসবুক ক্যাপশন লেখা কিংবা গবেষণা—সবখানেই এখন ছড়িয়ে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সবচেয়ে আলোচিত মাধ্যমগুলোর একটি হলো চ্যাটজিপিটি। প্রশ্নোত্তরের বাইরে গিয়ে এটি এখন গবেষণা, বিশ্লেষণ, এমনকি রচনা বা প্রতিবেদন তৈরির কাজেও সহায়তা করছে।

চ্যাটজিপিটির ব্যবহারে কাজের গতি যেমন বেড়েছে, তেমনই সহজ হয়েছে জীবনযাপন। তবে এর রয়েছে কিছু ঝুঁকিও। বিশেষ করে অসতর্কভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলে সেগুলো চলে যেতে পারে ভুল হাতে—যা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ।

তাই চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট ব্যবহারে নিচের বিষয়গুলো কখনওই শেয়ার করা উচিত নয়:

১. ব্যক্তিগত শনাক্তকরণ তথ্য
ব্যবহারকারীর নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, স্থায়ী ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল ঠিকানা—এইসব তথ্য কাউকে সরাসরি শনাক্ত করার জন্য যথেষ্ট। যদিও চ্যাটবটগুলো সচরাচর এসব তথ্য সংরক্ষণ করে না, তবে তথ্য ফাঁসের ঘটনা একেবারে অসম্ভব নয়।

২. ব্যাংকিং সংক্রান্ত তথ্য
ক্রেডিট কার্ড নম্বর, ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি কখনও চ্যাটজিপিটিতে লেখা উচিত নয়। অসাধু ব্যক্তিদের হাতে এসব তথ্য চলে গেলে আপনার অর্থ সম্পূর্ণরূপে খোয়া যেতে পারে।

৩. পাসওয়ার্ড
চ্যাটবটকে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানানো বিপজ্জনক। এতে হ্যাক বা অবৈধ প্রবেশের ঝুঁকি থাকে। সব অনলাইন অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু রাখাই বুদ্ধিমানের কাজ।

৪. ব্যক্তিগত বা গোপনীয় তথ্য
চ্যাটবট মানুষের মতো চিন্তা করে না বা প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারে না। ফলে আপনার ব্যক্তিগত বা স্পর্শকাতর তথ্য এআইয়ে শেয়ার করলে তা অনিচ্ছাকৃতভাবে সংরক্ষিত বা ফাঁস হয়ে যেতে পারে।

৫. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি
ব্যবসায়িক পরিকল্পনা, নতুন উদ্ভাবনের ধারণা, কোডিং, ডিজাইন, আর্টওয়ার্ক বা লেখালেখির খসড়া—এসব কিছুই আপনার মেধাসম্পদ। এসব চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করলে তা ভবিষ্যতে অন্যের কাছেও প্রকাশিত হতে পারে, এমনকি সেগুলোর মালিকানা হারানোর আশঙ্কাও থাকে।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি হোক আপনার সহযোগী, ঝুঁকির উৎস নয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ