ছাত্রদলের রক্ত এত মিষ্টি কেনো? কই শিবির-ছাত্রলীগ তো মরে না’: ইবি ছাত্রদল নেতা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ১৪, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ১৪, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুকন উদ্দিন বলেন, “জুলাই আগস্টের আন্দোলনে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন করেছে। অনেক নেতাকর্মী শহীদ হয়েছে। ছাত্রদলের রক্ত এত মিষ্টি কেনো? ৫ই আগস্টের পরে শুধু আমার ভাইয়েরা খুন হচ্ছে। কই শিবির বা ছাত্রলীগ তো মরে না। ছাত্রদলের প্রতি মানুষের এতো প্রতিহিংসা কেনো?”
বুধবার (১৪ মে) বেলা ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও হল শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদ ও খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
রুকন উদ্দিন আরও বলেন, “এতো হত্যার পরেও বর্তমান সরকার দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কেন এসব জায়গায় চুপ থাকে। আমাদের ভাই সাম্য হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। সরকার যদি এর বিচার করতে না পারে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। নিরাপত্তার ব্যর্থতার দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসিকেও পদত্যাগ করা উচিত।”
বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও অ্যাকাডেমিক ভবন প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
এসময় নেতাকর্মীরা ‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘খুন হয়েছে আমার ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘আমাদের সংগ্রাম, চলছেই চলবে’, ‘ছাত্রদলের সংগ্রাম চলছেই চলবে’সহ বিভিন্ন স্লোগান দেয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, আমার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও আমাদের ছাত্রদলের ভাইরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আজ ঢাবি ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে, এর আগে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে হত্যা করা হয়েছে। আন্দোলনের এতো মাস পরেও বর্তমান সরকার আইনশৃঙ্খলা ঠিক করতে পারছে না। বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও বিভিন্ন জায়গায় ছাত্রদলের নেতাকর্মীরা বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু আমরা একটি নতুন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা ছাত্রদল নেতার হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাই। এখনো বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা পদে বসে আছে। এদের বিষয়ে ইউনুস সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা সকল জায়গা থেকে এইসকল দোসরদের অপসারণ চাই। আমরা দেশে আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না।
জনতার আওয়াজ/আ আ