ছাত্রদল নেতার বাবার জানাজায় গেল ঢাকা কলেজের বাস, সমালোচনার ঝড় - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতার বাবার জানাজায় গেল ঢাকা কলেজের বাস, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মে ১২, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শিক্ষার্থীদের নিয়মিত ড্রপ বন্ধ রেখে ঢাকা কলেজ ছাত্রদলের এক নেতার বাবার জানাযায় হবিগঞ্জ গেছে কলেজের একটি বাস। এতে তীব্র ভোগান্তিতে পড়তে হয় কলেজের নির্ধারিত রুট উত্তরাগামী শিক্ষার্থীদের। অভিযোগ আছে, তীব্র বাস স্বল্পতার মধ্যেও প্রায়শই রাজনৈতিক কর্মসূচিতে ঢাকা কলেজের বাস ব্যবহার হয়ে থাকে।

এ ছাত্রদল নেতার নাম মিল্লাদ হোসেন। তিনি ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব। ১২ মে সোমবার সকাল ৯ টা ১৫ মিনিটে সিলেট নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার বাবা জাহিদুল ইসলাম মারা যান। দুপুরে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কলেজে বিজয় ৭১ নামে বাসে ছড়ে হবিগঞ্জের চারগাঁও বড়বাড়ির উদ্দেশ্য রওনা হয়। এতে নির্ধারিত ২ টা ৩০ মি. ড্রপ অনিশ্চিত হয়ে পড়ে।

এ বিষয়ে ঢাকা কলেজ ইংরেজি বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, কলেজের কাজ শেষে ফেরার সময় দেখি বাস নাই। পরে শুনি বাস ট্যুরে গেছে ঢাকার বাহিরে। পকেটেও টাকা ছিলো না। বন্ধুদের কাছে ধার করে বাসায় ফিরলাম।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তীব্র সমালোচনা। হাসান জামিল নামে এক শিক্ষার্থী লিখেছেন, ঢাকা কলেজ ছাত্রদল বাস নিয়ে হবিগঞ্জে গিয়েছে ছাত্রদলের সদস্য সচিবের পিতার জানাজায়। কিন্তু গত ৮ই মে ইন্টারমিডিয়েট ১ম বর্ষের শিক্ষার্থী আনসার উদ্দিন লামের জানাজায় যাওয়ার জন্য কলেজ প্রশাসন থেকে বাস চাইলে অনুমতি মিলেনি। আবার শিক্ষা সফরের জন্যও শিক্ষার্থীরা বাস নিতে চাইলে কলেজ প্রশাসনের কাছে অনুমতি পায় না। কলেজের বাস দলীয় কাজে ব্যবহার করছে, যেটার সুযোগ দিয়েছে কলেজ প্রশাসন। এটা স্পষ্ট বেইমানি এবং পক্ষপাতদুষ্ট। কলেজ প্রশাসনকে অবশ্যই এর জবাব দিতে হবে এবং এ বিষয়ে অবস্থান তুলে ধরতে হবে।

নাফিজ ফাহিয়াম নামে আরেক শিক্ষার্থী লিখেছেন, ডিপার্টমেন্টের ছেলেরা বাৎসরিক শিক্ষা সফরে যেতে চাইলে কলেজ প্রশাসন বাস দেয় না। অন্য দিকে বাসে রাজনৈতিক সব কাজকর্ম চলে বছরব্যাপী। এটাই কি নৈতিকতা? বাসের জ্বালানী খরচ কে দিবে? বলেও প্রশ্ন রাখেন তিনি।

জানা যায়, ছাত্রদলের নেতাকর্মীদের বাস সংগ্রহে সহযোগিতা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও সাউথ হল প্রভোস্ট আনোয়ার মাহমুদ। জুলাই ছাত্রজনতার আন্দোলন পরবর্তী হলে সিট বরাদ্দকে কেন্দ্র করে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছিলো এ শিক্ষককে। এ ঘটনায় গত বছরের ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রদল কলেজ শাখার সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিনকে বহিষ্কারও করে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের দমাতে হলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে রাতে ফ্রি খাওয়ানো ও ফ্রি চিকিৎসার ব্যবস্থা করানোয় গণমাধ্যমে খবরের শিরোনাম হয়েছিলেন আনোয়ার মাহমুদ।

শিক্ষার্থীদের ড্রপ বন্ধ রেখে বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে আনোয়ার মাহমুদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা এসে বাস চেয়েছে। দলীয় কারণে কাউকে বাস দেয়া হয়নি।

শিক্ষার্থীদের ড্রপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা কলেজের বাস কোনো অবস্থাতেই বাইরে অবস্থান করার সুযোগ নেই। বাস বিকেলের মধ্যেই চলে আসবে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ সুলতানা পারভীন হায়দার বলেন, আজকে ওই রুটে (উত্তরা) বিকল্প হিসেবে একটি বাস দেয়া হয়েছে। আগামীকাল থেকে যথারীতি পূর্বের নিয়মেই ড্রপ চলবে।

ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হোসেন বলেন, এ নিয়ে এতো বিতর্ক তৈরি করার কোনো প্রশ্নই আসে না। কারণ মিল্লাত (ছাত্রদল নেতা) তো রানিং স্টুডেন্ট। সে মাস্টার্স করছে ঢাকা কলেজে এবং একটা বৃহৎ সংগঠনের নেতৃত্ব দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনেই বাসটি ব্যবহার করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ