ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, আইনের আওতায় আনতে হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই হবে না, আইনের আওতায় আনতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, এদেরকে আইনের আওতায় আনতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা নির্বাহী আদেশে প্রত্যাহারের দাবিতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, একটি নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল বিরোধী দলের নেতাকর্মীদের মামলা উঠিয়ে নেয়া হবে, কিন্তু অন্তর্বতী সরকার সেটা করছে না। আমরা একই দাবি জানাচ্ছি।

তিনি বলেন, ছাত্র জনতা আন্দোলনের পর আমরা একটা মুক্তি পেয়েছি, আমরা কি স্বস্তিতে আছি? আমরা একটা সংকট কাটিয়ে উঠেছি সত্যি, কিন্তু একটা ক্লান্তিলগ্নে দাঁড়িয়ে আছি। সাধারণ মানুষ আজ স্বস্তি পাচ্ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দাবি দাওয়া নিয়ে অফিস ঘেরাও কর্মসূচি, পতিত স্বৈরাচার দোসররা পরিকল্পনা মাফিক দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে সরকার যেন দেশকে ভালোভাবে পরিচালনা করতে না পারেন, একটা সুন্দর নির্বাচন না দিতে পারে।

বিএনপির এই নেত্রী বলেন, ছাত্র জনতা আন্দোলনের স্বপ্ন ছিলো মানুষকে তাঁর অধিকার ফিরে দেয়া, বিএনপিসহ সকল বিরোধী দলের স্বপ্ন তিন বারের জাতীয় নির্বাচনের মানুষ ভোট দিতে পারেনি, তাদেরকে ভোটের অধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে দেয়া।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যারা আছেন তারা খুবই ভালো ও সজ্জন মানুষ। তারা কাজ করছে, আমরা তাদেরকে সহযোগিতা করছি। কিন্তু তাদেরকে বুঝতে হবে, যেগুলো আগে দরকার সেগুলো আগে করতে হবে। সকল সংস্কার একেবারে সম্ভব হয় না। জনগণের ভোটে কোন রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসলে তারাই পারে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে।

চলমান সংকট তৈরি করে গেছে পতিত স্বৈরাচার সরকার এমন মন্তব্য করে তিনি বলেন, এ সংকট বর্তমান সরকারের করেনি, তারা তো কাজ করে যাচ্ছে। পতিত সরকারের দোসরদের দেখছি অনেক জায়গায় বহাল তবিয়তে আছে, তারা বিরাজ করছে, আবার তারা চেষ্টা করছে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তাদের দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে হবে।

শুধু কি ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, তাদের হাতে দা, পিস্তল, অস্ত্র আছে। তারা কী যেখানে সেখানে হামলা করবে না? তাই বলছি, এদেরকে আইনের আওতায় আনতে হবে। সবচেয়ে বড় কথা হলো, শেখ হাসিনাকে আগে আইনের আওতায় আনতে হবে, তার বিচার করতে হবে।

বৈষম্য বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের প্রতি স্যালুট জানিয়ে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, তোমাদেরকে মনে রাখতে হবে, কোন রকম রাজনৈতিক সংকট এনে দেশ অস্থিতিশীল করা যাবে না। তোমাদের যদি লক্ষ্য হয়ে থাকে, সকলে সকলে মিলে তাদের অধিকার ফিরে পাক। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে ও পেশাজীবীদের সাথে পরামর্শ করে দেশটা যাতে সুন্দর করা যায় সেদিকে চেষ্টা করতে হবে।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমু সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সহ বিভিন্ন পর্যায় নেতৃবৃন্দ ও উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ