ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে: অলি আহমদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে: অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৯, ২০২২ ৫:০০ অপরাহ্ণ

 

বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসীদের সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এখন সুস্থধারার রাজনীতির চর্চা বাদ দিয়ে খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, পতিতাবৃত্তি, অস্ত্র ব্যবসা, মাদক কারবার, সিট ও ভর্তি বাণিজ্যে ব্যস্ত। ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধে ইডেন কলেজের ছাত্রীদের দিয়ে জোরপূর্বক পতিতাবৃত্তি করানোর অভিযোগ উঠেছে।

অলি আহমদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য এক ভীতিকর ও অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাত্রলীগের এই সন্ত্রাসী এবং দখলদারত্বের ভূমিকাকে প্রকাশ্যে সমর্থন দিয়ে চলেছেন।

‘আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতা দখল করার পর থেকে লাগামহীন অপরাধ কর্মকাণ্ডে নামে ছাত্রলীগ। ক্যাম্পাসে খুনোখুনি, লাগাতার অভ্যন্তরীণ তাণ্ডব, সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন, বেপরোয়া যৌন সন্ত্রাসের অভিযোগ সত্ত্বেও একটি ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই। এতে দিন দিন সংগঠনটিতে অপরাধ প্রবণতা প্রবলতর হচ্ছে।’

অলি আহমদ আরও বলেন, দেশে এমন কোনো অপরাধ নেই, যার সঙ্গে ছাত্রলীগ যুক্ত নেই। বিরোধীদলকে দমন-পীড়নে এই সন্ত্রাসী সংগঠনটিকে ব্যবহার করছে আওয়ামী লীগ। গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করছে তারা। ছাত্রলীগ বিরোধীদলের সভা-সমাবেশে হামলা চালিয়ে রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। এতে অনিবার্যভাবে এক সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি ও জননিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় ছাত্রলীগের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডে লাগাম টেনে ধরা জরুরি। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ