ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিদ্যা সিনহা মিম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা সাহা মিম এখন থেকে ছুটি রিসোর্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন। আজ বৃহস্পতিবার পূর্বাচলে অবস্থিত ছুটি রিসোর্টে এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
নতুন এই দায়িত্ব প্রসঙ্গে বিদ্যা সিনহা সাহা মিম বলেন, ‘ছুটি গ্রুপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের পর্যটন খাতে তাদের অবদান গুরুত্বপূর্ণ। প্রকৃতি ও আতিথেয়তার সমন্বয়ে তারা যে অর্থবহ অভিজ্ঞতা প্রদান করছে, তার অংশ হতে পেরে আমি আনন্দিত।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছুটি গ্রুপের চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী। এ সময় উপস্থিত ছিলেন ছুটি রিসোর্ট পূর্বাচলের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফেরদৌস, ছুটি রিসোর্ট পুবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুল ইসলাম মাসুদ এবং ছুটি বিচ রিসোর্ট ও সালতানাত টি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। এ ছাড়া প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফী বলেন, ‘বিদ্যা সিনহা মিমকে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর ব্যক্তিত্ব ও জনপ্রিয়তা ছুটি গ্রুপের লক্ষ্য ও মূল্যবোধকে দর্শকদের কাছে আরও শক্তিশালীভাবে তুলে ধরবে।’
এই চুক্তির মাধ্যমে ছুটি গ্রুপ তাদের ব্র্যান্ড উপস্থিতি জোরদার করার পাশাপাশি পর্যটন ও বিনোদন খাতে ডিজিটাল সম্পৃক্ততা বাড়াতে চায়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা ও উন্নয়ন রোডম্যাপও উপস্থাপন করা হয়।
দীর্ঘ ১৪ বছর ধরে দেশের হসপিটালিটি খাতে কাজ করছে ছুটি গ্রুপ। প্রকৃতি-নির্ভর ও টেকসই পর্যটন সেবা দেওয়া তাদের মূল লক্ষ্য। বর্তমানে গাজীপুর, পূর্বাচল, পুবাইল ও সিলেটের শমশেরনগরে তাদের রিসোর্ট রয়েছে।
এ ছাড়া গ্রুপটি বেশ কিছু নতুন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কক্সবাজারে ছুটি বিচ রিসোর্ট, পূর্বাচলে পাঁচ তারকা হোটেল ‘ছুটি হারমনি’, পুবাইলে ‘ছুটি সিগনেচার’, শ্রীমঙ্গলে ‘সালতানাত টি রিসোর্ট’, ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ‘সালতানাত হাইওয়ে ভিলেজ’ এবং গাজীপুরের রাজেন্দ্রপুরে ‘ছুটি ভ্যালি’।
এই অংশীদারিত্ব দেশের ক্রমবর্ধমান লাইফস্টাইল ও হসপিটালিটি খাতে ছুটি গ্রুপের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে আগামীর পথচলায় সবার সহযোগিতা কামনা করা হয়।
জনতার আওয়াজ/আ আ