জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, নভেম্বর ৯, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ

জঙ্গিবাদে সম্পৃক্ততার অভিযোগে জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত চৌধুরীকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে সিলেট এলাকা থেকে তাকে গ্রেতফার করা হয়।
গ্রেফতার রাফাত চৌধুরী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক বলে দাবি সিটিটিসির।
সিটিটিসি জানায়, ২০২১ সালে আরাকানে রোহিঙ্গাদের পক্ষে জিহাদের জন্য রাখাইনের সশস্ত্র সংগঠন ‘আরসা’ ও ‘আরএসও’ উভয় সংগঠনের সঙ্গে যোগাযোগ করে হিজরত করেন ডা. রাফাত। বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তে ‘আরএসও’ নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান জানান, গত ১ নভেম্বর রাজধানীর সায়দাবাদ এলাকায় অভিযানে চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা হলেন—সেজাদুল ইসলাম সাহাব তানিম ওরফে ইসা ওরফে আরাফাত ওরফে আনোয়ার ওরফে আনবির (২৪), মো. জাহিদ হাসান ভূঁইয়া (২১) ও সৈয়দ রিয়াজ আহমদ (২২)।
তাদের তিনজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রত্যেকেই উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত চৌধুরীর মাধ্যমে দাওয়াতপ্রাপ্ত হন। তারা গত ৬ নভেম্বর ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
জবানবন্দিতে গ্রেফতার এই তিনজন ডা. রাফাতসহ অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় সিলেট এলাকা থেকে বুধবার ডা. রাফাত চৌধুরীকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি আরও জানায়, জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন ডা. রাফাত। দীর্ঘদিন ধরেই তিনি ধর্মভীরু তরুণদের জিহাদি চেতনায় উদ্বুদ্ধ করার জন্য দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
জনতার আওয়াজ/আ আ