জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব: নীরব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫ ৩:০৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জনগণকে সম্পৃক্ত করেই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব বলে মন্তব্য করেছেন মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে এক মশক নিধন কর্মসূচী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি। এ ৩১ দফা শুধু রাজনৈতিক দল নয়, সাধারণ মানুষের অধিকার রক্ষারও রূপরেখা। জনগণকে সম্পৃক্ত করেই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।
দেশের মানুষ ১৭ বছর অধীর আগ্রহে একটি জাঁকজমকপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা করছে। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করতে হবে। তা না হলে ফ্যাসিস্ট সরকারের মতো অন্তর্বর্তী সরকারও ক্ষমতায় থাকতে পারবে না। তাই দলীয় নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।
নীরব বলেন, বিএনপির মধ্যে কোনো বিভেদ নেই। কিছু সুযোগসন্ধানী মানুষ তা স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সুসময়ে দলে অনুপ্রবেশ করে বিরোধ সৃষ্টি করে। তবে দিন শেষে তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা একত্রিত ও সুসংগঠিত।
বিএনপির এই নেতা আরও বলেন, জনগণের ভোট ও ভালোবাসাই বিএনপির শক্তির উৎস। তিনি জনগণের প্রতি আস্থা রেখে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ভিপি হানিফ সহ হাতিরঝিল থানা বিএনপিসহ বিএনপির অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ