জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই 'টেইক ব্যাক বাংলাদেশ' : তারেক রহমান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই ‘টেইক ব্যাক বাংলাদেশ’ : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ

 

আব্দুল আজিজ,লন্ডন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, জনগণ বিশ্বাস করে একমাত্র বিএনপি দেশের হারিয়ে যাওয়া ভোটাধিকার আর লুষ্ঠিত গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবে”। জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তেই বিএনপি ‘টেইক ব্যাক বাংলাদেশ’ এর ডাক দিয়েছে। সুতরাং, দাবি আদায়ে রাজপথ দখল করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির একজন নেতাকর্মীও ঘরে ফিরে যাবেনা।

মঙ্গলবার (১১ এপ্রিল) যুক্তরাজ্য যুবদল আয়োজিত ইফতার ও দোআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পূর্ব লন্ডনের দ্যা রয়্যাল রিজেন্সি অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন লন্ডন সফররত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অনেকে।

সভায় তারেক রহমান বলেন, বিভিন্ন ক্ষেত্রে একটি দেশের কতটা অবনতি হয়েছে কিংবা কতটা উন্নতি করেছে, এসব নিয়ে আন্তর্জাতিক সংস্থার উদ্যোগে বিভিন্ন সূচক প্রকাশিত হয়ে থাকে। এ ধরণের সূচকে অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান লজ্জাকর।

২০২৩ সালে কোন ক্ষেত্রে কোন সূচকে বাংলাদেশের অবস্থান কোথায়, আমেরিকার ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন’ (এমসিসি) প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তারেক রহমান আরো বলেন, এমসিসি’র রিপোর্টে দেখা যায়, পলিটিক্যাল রাইটস, সিভিল রাইটস, কন্ট্রোল অফ করাপশন, ফ্রিডম অফ ইনফর্মেশন, রুল অফ ল’, গভর্নমেন্ট ইফেক্টিভনেস সহ এমন ২০টি সূচকের মধ্যে ১৭টি সূচকেই বাংলাদেশের অবস্থান গ্রিন জোনের পরিবর্তে ‘রেডজোনে’ ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র হত্যা করে নিশিরাতে ভোট ডাকাতি যারা গত ১৫ বছর ধরে রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে রেখেছে তাদের দুর্নীতি লুটপাট, অবিচার, অনাচার, টাকাপাচারেরে কারণেই আজ বাংলাদেশের এমন করুন অবস্থা।

অভাবের তাড়নায় মানুষ আত্মহত্যা করছে কিংবা মা বাবা তাদের সন্তান বিক্রী করে বাধ্য হচ্ছে, সভায় তারেক রহমান এমন কয়েকটি ঘটনা উল্লেখ করেন। তারেক রহমান বলেন, দেশে এখন অভাবে অর্ধাহারে মানুষকে না খেয়ে মরতে হচ্ছে। গত ২৩ মার্চ হবিগঞ্জে সজ্জুন মিয়া নামে এক ব্যক্তি অভাবের তাড়নায় নিজের স্ত্রী এবং এক সন্তানকে হত্যা করেছেন। স্ত্রী এবং সন্তানকে হত্যার পর তিনি নিজেও আত্মহত্যা করেছেন। গত ১৭ মার্চ অভাবের তাড়নায় সাতক্ষীরায় নিজের ৫ শ্রেণী পড়ুয়া সন্তানকে হত্যা করেছেন একজন মা। রাজশাহীতে অভাবের তাড়নায় একজন পিতা রাজশাহীতে তাঁর দুই দিন বয়সী নবজাতককে ২৪ হাজার তাকে বিক্রি করে দিয়েছেন। একই কারণে গাজীপুরে ৪৭ দিন বয়সী পুত্রকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন একজন মা।

৫৩তম স্বাধীনতা দিবসে একটি পত্রিকায় প্রকাশিত একজন দিনমজুর জাকিরের ‘মাছ মাংস আর চাইলে’র স্বাধীনতা চাই’ উক্তির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশে কোটি মানুষের ঘরে ঘরে নীরব দুর্ভিক্ষের যন্ত্রনার কথাই দিনমজুর জাকিরের কথায় ফুটে উঠেছিল। শামসুজ্জামান নামে যে সাংবাদিক দিন মজুর জাকির হোসেনের এই কথাটি প্রকাশ করেছিল, লুটেরা সরকারের বাহিনী সেই সাংবাদিককে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়েছিলো।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতাসীন সরকার শুধু মানুষকে ক্ষুধা দুর্ভিক্ষের দিকেই ঠেলে দেয়নি তারা মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতাও কেড়ে নিয়েছে। জনগণ এমন এক বাংলাদেশ চায়, যেখানে মানুষ নিজের ইচ্ছেমতো যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারবে, নির্দ্বিধায় নিজের মত প্রকাশ করতে পারবে, যে বাংলাদেশ থেকে টাকা পাচার হবেনা। যে বাংলাদেশে আর কখনো গুম অপহরণ হবেনা। রাষ্ট্র নাগরিকদের মানবাধিকার হরণ করবেনা। তারেক রহমান বলেন, এমন একটি বাংলাদেশ নির্মাণের জন্যই মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছিলেন।

আওয়ামী লীগকে সরকারকে জনমান্ডেটহীন অবৈধ সরকার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, ‘এদের হাতে যেমন মানুষের ভোট নিরাপদ নয়, এদের হাতে যেমন দেশের মানুষের অর্থ সম্পদ নিরাপদ নয়, এদের হাতে যেমন বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা নিরাপদ নয়, এদের হাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও নিরাপদ নয়। সে কারণে আজকে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ওই প্রত্যাশা নিয়ে বিএনপির দিকে তাকিয়ে আছে। কারণ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে, একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে। মানুষ বিশ্বাস করে যে, একমাত্র শহীদ জিয়ার কর্মী ও বেগম খালেদা জিয়ার সৈনিকেরাই দেশের মানুষের প্রত্যাশিত ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারবে। সেজন্য আমি বলেছি, টেইক ব্যাক বাংলাদেশ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বর্তমান নিশিরাতের ভোট ডাকাত সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের জান মালের নিরাপত্তা কিছুই থাকবেনা। তাই সরকার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। তিনি বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সরকার পতনের চূড়ান্ত আন্দোলনে রাজপথ দখলের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির একজন নেতাকর্মীও ঘরে ফিরে যাবেনা।

সভায় আরো উপস্থিত ছিলেন, লন্ডন সফররত বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল হোসেন আজাদ, যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়সর এম আহমেদ এবং যুক্তরাজ্য যুবদলের নেতৃবৃন্দসহ অনেক নেতাকর্মী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ