জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার একমাত্র পথ অবাধ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মানুষের আকাঙ্ক্ষা একটাই-জনগণের প্রতিনিধিরাই যেন দেশ পরিচালনার দায়িত্ব পান। আর জনগণের হাতে সেই ক্ষমতা ফিরিয়ে দেয়ার একমাত্র পথ হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।
আজ শুক্রবার দুপুরে নবনির্বাচিত ফিজিওথেরাপিস্ট’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (প্যাব) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীর উত্তম) সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘আমাদের দেশের মানুষ অনেক সময় মনে করেন, ডাক্তাররাই চিকিৎসা দেন। কিন্তু বাস্তবে হাসপাতালে একটি সমন্বিত টিমই রোগী ও জাতিকে সুস্থ রাখার অগ্রণী ভূমিকা পালন করে।’
তিনি নির্বাচন কমিশনের সদ্য ঘোষিত রোডম্যাপ প্রসঙ্গে বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) নির্বাচন কমিশন একটি প্রাথমিক রোডম্যাপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে অংশীজনদের সাথে বৈঠক, ভোটার তালিকা হালনাগাদ ও প্রকাশ, পরে নির্বাচনের তফসিল ঘোষণা। আমরা এটাকে স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে দেখছি।’
জাহিদ আরো বলেন, ‘বিএনপি মনে করে রোডম্যাপটি যুগোপযোগী এবং মানুষের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ। আগামীতে ঘোষিত তফসিলের মধ্য দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি খুঁজে নেবে।’
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাব সভাপতি কামরুজ্জামান কল্লোল, মহাসচিব তানভিরুল আলম, যুগ্ম মহাসচিব ডি এম নুরুল আমিন উৎপল, সাংগঠনিক সম্পাদক মহাসিন আকন্দ, যুগ্ম মহাসচিব সাদ্দাম হোসেন রাহুল, কোষাধ্যক্ষ রাসেল হুদা ও যুগ্ম মহাসচিব মো: মোজাম্মেলসহ নবনির্বাচিত নেতারা।
জনতার আওয়াজ/আ আ