জনগণ ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না : আমিনুল হক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণ ইসলাম বিক্রির রাজনীতি মেনে নেবে না : আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ২১, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের জনগণের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্লবী থানাধীন ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলোর এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল ইসলামকে বিক্রি করছে, আবার কেউ ইসলামকে ব্যবহার করে প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে আমি এমন একটি ভিডিও দেখেছি—যেখানে বোরখা পরিহিত কিছু নারী রাতের অন্ধকারে ভোট চাওয়ার নামে মানুষের বাসায় প্রবেশ করে তাদের অজ্ঞান করে সর্বস্ব লুট করেছে। এটি নিছক ডাকাতি ছাড়া আর কিছুই নয়। ইসলামকে ব্যবহার করে এ ধরনের প্রতারণা ও অপপ্রচার আমরা কখনোই মেনে নেব না।

৩১ দফার বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার কর্মপরিকল্পনা দেশের ভবিষ্যতের রূপরেখা। এই বার্তা প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা মানুষের সঙ্গে বসুন, তাদের সমস্যার কথা শুনুন এবং বোঝান, কেন ধানের শীষে ভোট দেওয়া উচিত। ধানের শীষে ভোট দিলে জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে।

বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ লড়াই-সংগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আপনারা গত ১৭ বছর মামলা-হামলা ও নির্যাতন সহ্য করেছেন। আজ ২০২৪ সালের ৫ আগস্টের পর মুক্ত হাওয়ায় হাঁটতে পারছেন, মতপ্রকাশ করতে পারছেন—এটাই আপনারা অর্জন করেছেন। এই অর্জনকে কাজে লাগাতে হবে দেশের মানুষকে একত্রিত করার জন্য।

বিএনপি দিনের আলোয় রাজনীতি করে উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা দৃশ্যমান রাজনীতি করি, দিনের আলোয় রাজনীতি করি। যারা রাতের অন্ধকারে রাজনীতি করে, তারা নিজেদের স্বার্থে করে, জনগণের কল্যাণে নয়।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, শুধু লিফলেট বিতরণ করলেই দায়িত্ব শেষ হয় না। মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাদের আস্থা অর্জন করতে হবে। ধানের শীষে ভোট দিলে ইসলামী মূল্যবোধ রক্ষা পাবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং মানুষ স্বাধীনভাবে ও নিরাপদে বসবাস করতে পারবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামানের সঞ্চালনায় সভায় মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এ বি এম এ রাজ্জাক, মো. আক্তার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মো. শাহ আলম, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ ও সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা, শ্রমিক দল মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামানসহ উত্তর বিএনপির ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ