জনগণ ক্ষমতা দিলে অর্থনীতিকে রক্ষা করবো : খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ২৮, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা আশ্বস্ত করতে চাই যেই গণতন্ত্রের জন্য আন্দোলন করছি, মানুষের অধিকারের জন্য আন্দোলন করছি , অর্থনীতিকে মেরামত করার জন্য আন্দোলন করছি ইনশাল্লাহ জনগণ যদি আমাদের ক্ষমতায় পাঠায় আমরা সেই কাজগুলো আন্তরিকতার সহিত করবো। এদেশকে রক্ষা করবো। জনগণকে রক্ষা করবো। অর্থনীতিকে রক্ষা করবো, গণতন্ত্র প্রতিষ্ঠা করবো।
সোমবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সাউথ এশিয়ান ইয়ুথ রিসার্স সেন্টার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, আমরা বিশ্বাস করি জনগণ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি তাকে আগামী দিনের ক্ষমতায় বসাবে।
গণতন্ত্রকে শক্তিশালী করার পূর্বে উদ্ধার করা জরুরি মন্তব্য করে বিএনপি’র এই জ্যেষ্ঠ নেতা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করার পূর্বে গণতন্ত্র থাকতে হবে। আজকে দেশে যেই গণতন্ত্র অনুপস্থিত তাকে উদ্ধার করতে হবে। গণতন্ত্র পূনরুদ্ধারের প্রশ্ন আসলো কেন? আজকে গায়ের জোরে, বিনা ভোটে সরকারে আছে প্রায় ১৪ বছর।’
খন্দকার মোশাররফ বলেন, জনগণ এই সরকারকে চায় না বিএনপির গত ৮ টি সমাবেশে তারা এই বার্তা দিয়েছে। এবং আমরা ১০ তারিখ আমাদের সমাবেশ থেকে এই সরকারকে বিদায়ের জন্য কর্মসূচি ঘোষণা দিবো। এবং ইনশাআল্লাহ এই দেশের মানুষ রাস্তায় নেমে এই গায়ের জোরের সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে, একটা নিরেপক্ষ নির্বাচনকালিন সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক সাইফুদ্দিন আহমেদ, সাবেক কূটনীতিক সাকিব আলী, এসএওয়াইআরসির চেয়ারম্যান সুমন হক।
জনতার আওয়াজ/আ আ