জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তায় নামাজ পড়লেন ইবতেদায়ী শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে যমুনার অভিমুখে লংমার্চ শুরু করতে গিয়ে পুলিশের বাধায় প্রেসক্লাবের সামনে রাস্তায় বসে পড়েন শত শত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। এ সময় তারা সড়ক অবরোধ করে নামাজ আদায় করেন।
রবিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এমন দৃশ্য দেখা যায়।
এতে করে প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত শত শত গাড়ি আটকে থাকে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা, সেই সঙ্গে কদম ফোয়ারা সড়ক বন্ধ হয়ে যায়।
মিরপুরগামী বিআরটিসি বাসের যাত্রী দুলাল বলেন, “এ দেশের আন্দোলন আর শেষ হবে না। আন্দোলন হলেই রাস্তা বন্ধ করে দেওয়া একটা ট্র্যাডিশন হয়ে গেছে। এতে করে হাজার হাজার মানুষ যে ভোগান্তিতে পড়ে, সেটা তাদের ভ্রুক্ষেপ নেই। কবে যে এর থেকে মুক্তি পাব, আল্লাহপাক ভালো জানেন।”
আরও এক যাত্রী তাসলিমা হক বলেন, “রাজধানী ঢাকা এখন জ্যাম আর আন্দোলনের শহরে পরিণত হয়েছে। আমাদের মতো সাধারণ নাগরিকদের কত ভোগান্তি পোহাতে হয়! যাত্রাবাড়ী থেকে পল্টন আসতে লেগেছে দেড় ঘণ্টা। এখন আবার আন্দোলনের কারণে রাস্তা বন্ধ করে রেখেছে। আমাদের কথা আসলে কেউ ভাবে না।”
প্রেসক্লাব এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য বুলবুল আহমেদ বলেন, “আমরা শিক্ষকদের বারবার বুঝাচ্ছি রাস্তা ছেড়ে দিতে। এতে করে যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। কিন্তু তারা আমাদের কথা মানছেন না। আমরা চেষ্টা করছি গাড়িগুলোকে ডাইভার্ট করে অন্য দিক দিয়ে বের করে দেওয়ার।”
নামাজ শেষে রাস্তায় বসে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শত শত শিক্ষক ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান দেন— “এমন কোন দেশ নাই, চাকরি আছে বেতন নাই”, “ইবতেদায়ী শিক্ষক, হয়েছে কেন ভিক্ষুক?”, “অবহেলার ৪০ বছর, মানুষ বাঁচে কত বছর”, “বাড়ি না, রাস্তা? রাস্তা, রাস্তা”, “বৈষম্য নিপাত যাক, জাতীয়করণ মুক্ত পাক”, “এক দফা এক দাবি, জাতীয়করণ করতে হবে।”
এ সময় অসংখ্য পুলিশ সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
জনতার আওয়াজ/আ আ