জবিতে জুনে ভর্তি পরীক্ষা ও আবেদন ফি হাজার টাকা করার প্রস্তাব - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:০৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জবিতে জুনে ভর্তি পরীক্ষা ও আবেদন ফি হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৯:২২ পূর্বাহ্ণ

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার লক্ষ্যে কেন্দ্রীয় ও ইউনিট ভর্তি কমিটি গঠন করা হয়েছে। জুনের দ্বিতীয় সপ্তাহে (৯ কিংবা ১০ তারিখ) ভর্তি পরীক্ষা নেওয়া, আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণসহ আনুষঙ্গিক বিষয়ে কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে বি এবং সি ইউনিটের ভর্তি কমিটি।

এর আগে গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ও ইউনিট ভর্তি কমিটি গঠন করার বিষয়টি জানানো হয়।

স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সার্বিকভাবে তদারকি, ইউনিট কমিটিসমূহের প্রস্তাব বা সুপারিশ বিবেচনা ও অন্যান্য আনুষঙ্গিক চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে কেন্দ্রীয় ভর্তি কমিটি। আর ভর্তি পরীক্ষার তারিখ-সময়, আবেদন করার যোগ্যতা, আবেদন ফি ইত্যাদি নির্ধারণ এবং ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা প্রণয়ন করে কেন্দ্রীয় কমিটির কাছে পেশ করবে গঠন করা ৩টি ইউনিট কমিটি।

ভর্তি পরীক্ষা হবে এ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ), বি ইউনিট (কলা,সামাজিক বিজ্ঞান,আইন অনুষদ ও ইনিস্টিউটসমূহ) ও সি ইউনিটের (বাণিজ্য অনুষদ)। 

কেন্দ্রীয় ভর্তি কমিটিতে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সদস্য হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ও ৬টি অনুষদের ডিন এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

এ ইউনিটের সমন্বয়ক হিসেবে লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন, যুগ্ম সমন্বয়ক হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন এবং অনুষদভুক্ত সকল বিভাগের চেয়ারম্যান সদস্য হিসেবে রয়েছেন। বি ইউনিটের সমন্বয়কারী হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, যুগ্ম সমন্বয়ক হিসেবে কলা অনুষদের ডিন ও সি ইউনিটের সমন্বয়কারী হিসেবে রয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ