জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের চর্চা বাড়ানো জরুরি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবনের চর্চা বাড়ানো জরুরি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ

 

চট্টগ্রাম প্রতিনিধি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের উন্নয়নে গবেষণার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তিনি বলেন, আমাদের গবেষণা যেন কেবল একাডেমিক চর্চায় সীমাবদ্ধ না থাকে, বরং তা বাস্তবসম্মত ও জনসম্পৃক্ত হতে হবে। গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে পরিবেশবান্ধব নীতি গ্রহণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত ‘গবেষণা উদ্ভাবনা ও প্রকাশনা মেলা ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদের সুষম ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা আরও জোরদার করতে হবে। গবেষণার মাধ্যমে মানবাধিকার, পরিবেশ ও জনসম্পৃক্ততার উন্নয়ন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, গবেষণা হবে বিজ্ঞানভিত্তিক, বস্তুনিষ্ঠ এবং মানুষের কল্যাণে নিবেদিত। টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের পরিবেশবান্ধব প্রযুক্তি ও গবেষণার প্রতি অধিক মনোযোগী হতে হবে।

সৈয়দা রিজওয়ানা হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ‘সিঙ্গেল-ইউজ প্লাস্টিক এবং শব্দদূষণমুক্ত ক্যাম্পাস’ ঘোষণা দেওয়ার আহ্বান জানান। বিজ্ঞানী ও গবেষক জামাল নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উপদেষ্টা ‘গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে উপদেষ্টা স্টল ঘুরে দেখেন।

গবেষণা মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম. নুরুল আলম এবং জামাল নজরুল গবেষণা কেন্দ্র পরিচালনা পরিষদের সদস্য সাদাফ সাজ সিদ্দিকী।

উল্লেখ্য, গবেষণা মেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রাম বিভাগের ভেতরে ও বাইরে প্রায় শতাধিক স্টলে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভাগ, গবেষণাগার এবং গবেষণা ইনস্টিটিউট তাদের গবেষণাকর্ম ও বিগত বছরের গবেষণায় অবদানসমূহ তুলে ধরেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ