জাজিরার বিলাসপুরে ফের সংঘর্ষে আহত অন্তত ১০
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৫:০৪ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে এক মাস না যেতেই ফের সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকালে বিলাসপুরের বিভিন্ন জায়গায় দফায় দফায় এই সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সজীব (২২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, ফের বুধবার সকালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান আ. কুদ্দুস বেপারী ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী আ. জলিল মাদবর গ্রুপের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়েছে।
প্রথম ধাপে বিলাসপুর ইউনিয়ন পরিষদ থেকে মুলাই বেপারী কান্দি হয়ে বুধাইর হাট পর্যন্ত এরপর বুধাইর হাট বাজার থেকে সাবেক এমপি বিএম মোজাম্মেল হকের বাড়ি পর্যন্ত এবং সবশেষে মহরখার কান্দির পাশে নদীর পারে সংঘর্ষে অন্তত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি করে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সজিব (২২) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
এ ব্যাপারে আ. জলিল মাদবর বলেন, নির্বাচনের পর থেকেই আমার সমর্থকদের বাড়িতে থাকতে দেয়া হচ্ছেনা। প্রশাসনের সহযোগিতায় বাড়িতে থাকলেও বিভিন্নভাবে হুমকি-ধামকি দেয়াসহ প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার একইভাবে হামলা চালালে আমার লোকজনও জবাব দিতে বাধ্য হয়।
অপরদিকে, চেয়ারম্যান আ. কুদ্দুস বেপারী বলেন, সকালে হঠাৎ করেই জলিল মাদবরের সমর্থকরা আমার বাড়ি ঘেরাও করে হামলা চালালে আমার লোকজন তাদেরকে প্রতিহত করে এবং আমি তাৎক্ষণিক প্রশাসনকে বিষয়টি অবগত করি। এছাড়া এই ধরনের অপ্রীতিকর পরিবেশ তিনি চাননা দাবী করে বলেন, মারামারি হলে আমার নূন্যতম কোন লাভ থাকলে আমি করতাম। কিন্তু আমার এতে কোন লাভই নেই, সুতরাং কেন আমি সংঘর্ষে জড়াবো।
জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সকাল বেলা আমরা সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথে বিলাসপুরে যাই এবং গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বেপারী জাজিরা উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এবং আ: জলিল মাদবর জাজিরা উপজেলা যুবলীগের সাবেক সদস্য। দীর্ঘদিন যাবত তাদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। যা গত বছরের (১৫ জুন) ইউপি নির্বাচনের পরে আরও বৃদ্ধি পায়। গত ২৩ জানুয়ারী বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়।
জনতার আওয়াজ/আ আ