জাতি বিনাশী এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতি বিনাশী এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ

 

শুধু পাঠ্যক্রম সংশোধন নয় দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক সৃষ্টির জন্য শিক্ষায় মৌলিক সংস্কার অপরিহার্য’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রেস ক্লাবে। এ সিম্পোজিয়ামের আয়োজন করেছে শিক্ষা গবেষণা সংসদ, ঢাকা। এতে দেশের বিশিষ্টজনেরা পাঠ্যপুস্তকের বিতর্কিত বিষয়গুলো বাতিলের দাবি জানান।

তারা বলেন, সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে পাঠ্যপুস্তকে ইসলাম বিদ্বেষ ঢোকানো হয়েছে। যাতে ভবিষ্যত প্রজন্ম ইসলামী শিক্ষা-সংস্কৃতি থেকে দূরে থাকে। একটি ইসলাম বিদ্বেষী প্রজন্ম গড়ে ওঠে। জাতি বিনাশী এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে। অভিভাবকদের রাস্তায় নেমে এর প্রতিবাদ করা উচিত।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম কোরবান আলীর সভাপতিত্বে সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তৃতা করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ।

এতে আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি অধ্যাপক কবি আব্দুল হাই শিকদার, ড. ইকবাল হোসেন ভুইয়া, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভুইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব এম এ আজিজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ডারউইনের মতবাদ জানার জন্য পড়া যায়। কিন্তু এ মতবাদ যে ভুল সে বিষয়েও আলোচনা থাকা দরকার ছিল। কিন্তু পাঠ্যবইয়ে সেটি নেই। এ কারণে কোমলমতি শিক্ষার্থীরা জীবনের শুরুতেই ভুল জিনিস শিখবে।

তিনি বলেন, পাঠ্যবইয়ে শুধু ডারউইনের মতবাদই নয় আরও অনেক ইসলাম বিদ্বেষী বিষয় সংযোজন করা হয়েছে। সেখানে অন্য একটি ধর্মের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। তাদের উদ্দেশ্য এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আদর্শ-ইতিহাস, সংস্কৃতি ধ্বংস করা।

সভাপতির বক্তব্যে ড. এম কোরবান আলী বলেন, শিক্ষানীতি যখন করা হয়েছিল তখনই এ ষড়যন্ত্রের আভাস পাওয়া গিয়েছিলো। পাঠ্যসূচি থেকে শুধু ইসলামি বিষয় বাদ দেওয়া হয়েছে তা নয় সাথে এসব জায়গায় ইসলাম বিদ্বেষী বিষয় ঢোকানো হয়েছে। এটি জাতির বিরুদ্ধে একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। এর বিরুদ্ধে আমাদের ঘরে ঘরে প্রতিবাদ গড়ে তোলা প্রয়োজন। একইসাথে সবার উচিত রাস্তায় নেমে এসে প্রতিবাদ করা।

মূল প্রবন্ধে অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ বলেন, দেশ স্বাধীন হয়েছে ৫২ বছর। কিন্তু এখনো দেশে কোনো শিক্ষা আইন হয়নি। বিভিন্ন সময় শিক্ষা কমিশন গঠন করা হলে তারা যেসব বিষয় সামনে এনেছেন তাতে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশে অনেক ধরনের শিক্ষাব্যবস্থা থাকা একটি সমস্যা। শুধু পাঠ্যক্রম সংশোধন নয়, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক সৃষ্টির জন্য মিক্ষায় মৌলিক সংস্কার অপরিহার্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ