জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে : গয়েশ্বর - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২ ২:৪৬ অপরাহ্ণ

 

যুগপৎ কিংবা যে পন্থায় হোক ঐক্য গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আজকে জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে বিএনপি। যুগপৎ কিংবা যে পন্থায় হোক ঐক্য গড়ে তোলা হবে। ভোটাধিকার ফিরিয়ে নিতে, দাবি আদায়ে খুব শিগগিরই এই বিষয়ে সুরাহা হবে ‘

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কর্তৃক আয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহ মোয়াজ্জেম -এর স্মরণ সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে। প্রথমে সরকার পতনের মাধ্যমে নির্বাচন আদায় করা হবে। এরপর আগামীর রাষ্ট্র মেরামতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেয়া হবে। সকলে মিলে সরকার হটিয়ে জবাবদিহিতামূলক সরকার গঠন করা হবে, রাষ্ট্রের অনেক সংস্কার করা প্রয়োজন। সম্মিলিত প্রয়াস প্রয়োজন।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, যারা লুটপাটের মাধ্যমে সম্পদ লুণ্ঠন করে তারাই উন্নয়নের কথা বলে। স্বাধীন দেশ পাকিস্তানের চেয়ে অন্ধকারে চলে যাচ্ছে। জনগণের অর্থ লুণ্ঠন করা, প্রতারণা করার ফল অনেক ভয়াবহ হয়েছে।

তিনি বলেন, জঙ্গিবাদকে পুঁজি করে যারা দেশটাকে লুটপাট করছে তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করা জরুরি। সরকার ক্ষমতায় থাকতে সবরকম চেষ্টা করছে, দেশে বিদেশে ছুটছে।

এ সময় সরকারকে টিকিয়ে রাখতে প্রশাসনের কর্মকর্তাদের অতি উৎসাহী ভূমিকা পালন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

নাগরিক ঐক্যের সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগ দেশের প্রথম চোর। স্বাধীনতার পর তারাই প্রথম ব্যালট বাক্স চুরি করেছে।’

তিনি বলেন, ‘ভোট ছাড়া ক্ষমতায় থাকায় আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। শেখ হাসিনাও এখন ভোট ছাড়া ক্ষমতায় আছেন। এরশাদ স্বৈরাচার ছিলেন, তার চেয়ে বেশি স্বৈরাচার এই সরকার। এরশাদ, আইয়ুব খানও এভাবে উন্নয়নের গল্প শুনিয়েছেন। সবাই একসঙ্গে রাস্তায় নামলে সরকারের পতন হবে। যুগপৎ আন্দোলনে সরকারের পতন ঘটাতে আমাদের পারতেই হবে।’

মান্না বলেন, ‘মেয়েদের ফুটবলে সোনা জয়ের অনুষ্ঠান এমনভাবে প্রচার করেছে যেন শেখ হাসিনা দলের ক্যাপ্টেন ছিলেন। মানুষকে সোনা জয়ের ঘোরে রেখে মুন্সিগঞ্জে বিএনপির ওপর হামলা করেছে।’

তিনি বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, মিয়ানমার ভুল করে সীমান্তে গুলি ছুঁড়েছে। কিন্তু যখন ইচ্ছে করে মারবে তখন কিছু করতে পারবে না। সরকার একটি দুর্বল সরকার। শুধু বিরোধী দলের ওপর সবল। আমেরিকা-লন্ডনে গেছেন তিনি তাদের ম্যানেজ করতে। গিয়ে বোঝাচ্ছে আমরা ইভিএমে ভোট করি, ইভিএম তো স্বচ্ছ। এজন্য আমাদের বুঝাতে হচ্ছে, এই ইভিএম সেই ইভিএম না। বাংলাদেশের ইভিএম চুরির বাক্স, চুরি করার ইভিএম। এখানে ভোটের পর পেপার ট্রেইল বের হয় না।’

শাহ মোয়াজ্জেম সম্পর্কে মান্না বলেন, ‘তিনি ছিলেন ছাত্ররাজনীতির আইকন। নিউক্লিয়াসের আগে শাহ মোয়াজ্জেমের নেতৃত্বে স্বাধীনতার পক্ষে লিফলেট বিতরণ করছিলেন। তার অসাধারণ সাহসিকতা ছিল, ছিল সত্য বলার প্রবণতা।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, জাতীয় দলের চেয়ারম্যান এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, এনডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, আনোয়ার হোসেন, শাহ মো. নেছারুল হক, মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রদল নেতা কে এম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ