জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, আহ্বায়ক নাহিদ-সদস্য সচিব আখতার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, আহ্বায়ক নাহিদ-সদস্য সচিব আখতার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জুলাই-আগস্টে নেতৃত্ব দেওয়া তরুণদের নিয়ে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। এই দলের আহ্বায়ক হিসেবে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট আন্দোলনে নিহত শহীদ মোহাম্মদ ইসমাইল হোসেন রাব্বীর বোন মীম আক্তার।

পরে আংশিক কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করেন আখতার হোসেন। দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে ডা. তাসনিম জারা ও নাহিদা সরোয়ার নিভা, প্রধান সমন্বয়কারী পদে নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক পদে আব্দুল হান্নান মাসউদ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) পদে হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদে সারজিস আলমের নাম ঘোষণা করেন তিনি।

এর আগে, বিকেল সোয়া ৪টার দিকে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পরে মহান মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন।

সকাল থেকেই স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে নিয়ে, মাথায় পতাকা বেঁধে মিছিল নিয়ে তারা উচ্ছ্বাস করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ