জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, আগস্ট ২২, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার (২৪ আগস্ট) ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো: সানাউল্লাহ।
তিনি বলেন, ‘কমিশনার ও কর্মকর্তাদের সাথে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’
বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশনের ডাকা বৈঠকের বিরতিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার (২৪ আগস্ট) ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রোববার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।’
এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ