জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে: রহমাতুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৭:৩৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় বরিশাল নগরীর ১৮ নং ওয়ার্ডস্থ কাঞ্চন পার্কে বৃক্ষরোপণের পর এ কথা বলেন তিনি।
এ সময় রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ফ্যাসিবাদ বিদায়ের এক বছর পার হলেও এখন পর্যন্ত জনগণ যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে এজন্য ষড়যন্ত্র চলছে। জনগণ এখন ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বর্তমানে নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ ও দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারি মাসে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, এটিই দেশের মানুষের প্রত্যাশা। একটি কুচক্রী মহল এখন পর্যন্ত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে জনগণ অতীতের ষড়যন্ত্র যেভাবে রুখে দিয়েছে, এবারের নির্বাচন বানচালের ষড়যন্ত্রও রুখে দেবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহবায়ক তারিক সুলাইমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মিলন চৌধুরী, ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল মোমেন কোটন, ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসলাম গাজী, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, আশিক মাহমুদ, তাজ ইসলাম, সুজন বসু প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ