জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টির চেয়ারম্যান রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ২:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ২:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। দলটির মেয়াদোত্তীর্ণ কমিটির চেয়ারম্যান জিএম (গোলাম মোহাম্মদ) কাদেরকে সরিয়ে এ দায়িত্ব নেন তিনি। এছাড়া মেয়াদোত্তীর্ণ কমিটি, নানা ধরনের মামলা-মোকদ্দমা এবং দল পরিচালনায় অযোগ্যতা ও অসাংগঠনিক আচরণের কারণে বর্তমান চেয়ারম্যানকে পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নিজেকে চেয়ারম্যান ঘোষণা দেন বেগম রওশন এরশাদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমি বেগম রওশন এরশাদ, এমপি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এই মর্মে ঘোষণা করছি যে, পার্টির সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তক্রমে দলের গতিশীলতা বজায় রাখার স্বার্থে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম।’

এ তথ্য নিশ্চিত করে দলের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ বলেন, বিষয়টা সত্য। দলের কো চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের মতামতের ভিত্তিতে ম্যাডাম (রওশন এরশাদ) জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। এখন থেকে তিনি জাতীয় পার্টির বৈধ চেয়ারম্যান।

এদিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘উনি (রওশন এরশাদ) দলের কেউ না। সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই। তিনি কি করলেন, না করলেন সে নিয়ে আমাদের চিন্তা নেই।’

প্রসঙ্গত, রওশন এরশাদ দলের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি সংসদে বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যানের দায়িত্বে আছেন জিএম কাদের। বর্তমানে তিনি বিজেপির আমন্ত্রণে ভারত সফর করছেন। তার অনুপস্থিতিতেই নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ