জাতীয় পার্টি ও ১৪ দলের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা রাশেদের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় পার্টি ও ১৪ দলের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা রাশেদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় পার্টি ও ১৪ দলের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, ‘প্রজ্ঞাপন দিয়ে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। হাসিনার মতো তাদেরও দেশ থেকে হটাতে হবে। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। অন্যথায় সচিবালয় ঘেরাও করে তাকে টেনেহিঁচড়ে নামানো হবে।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে গণঅধিকার পরিষদের সংহতি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি, জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। তিন দফা দাবিতে আয়োজিত এই সংহতি সমাবেশে যোগ দেন বিএনপি, জামায়াত, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৩০টি রাজনৈতিক দলের নেতারা।

রাশেদ অভিযোগ করে বলেন, ‘নূরের ওপর হামলাকারী পুলিশ ও সেনা সদস্যদের বিচার করতে হবে। কারণ তারা আওয়ামী দোসর। তাদের গ্রেফতার না করলে সেনাপ্রধানও দায় এড়াতে পারবেন না। ভিডিও ফুটেজ থাকলেও একজনকেও গ্রেফতার করতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা।’

তিনি বলেন, ‘ভারত জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর ষড়যন্ত্র করছে। আমরা আগামীতে বাংলাদেশের বিষয়ে দেশটিকে নাক গলানোর সুযোগ দেবো না।’

অন্যান্য দলের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য সচিব আতাউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একাংশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, আমার বাংলাদেশ পার্টির (এবি) যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, জনতার অধিকার পার্টির আহ্বায়ক তারিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মো. লিটন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) হাসিনুর রহমান, বাংলাদেশ জাতীয় দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন শামীম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।

গণঅধিকার পরিষদের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

যা বললেন অন্যান্য দলের নেতারা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ‘নূরের ওপর হামলা বাংলাদেশের গণতন্ত্র ও জুলাইয়ের বিরুদ্ধে হামলা। এতে আর্মি ও পুলিশের কতিপয় সদস্য জড়িত। আমাদের দুর্ভাগ্য প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোসরদের এখনও তাড়াতে পারিনি। আগামীতে এ ধরনের হামলা হলে প্রতিরোধ করবো। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের এক থাকতে হবে।’

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ‘সেনা ও নৌবাহিনী এবং পুলিশকে সংস্কার করতে হবে।’

তিনি বলেন, ‘কতিপয় সুশীল আওয়ামী লীগের পক্ষে কথা বলেন। আমরা তাদের রাজপথে মোকাবিলা করবো।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ বলেন, ‘নূরের ওপর হামলার পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। হাসিনার দোসররা সেনাবাহিনীসহ সব জায়গায় রয়েছে।’

তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের বিষয়ে স্বাক্ষর করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দল ও ভারতীয় আগ্রাসন চিরতরে নিষিদ্ধ করতে হবে।’

সমাবেশ শেষে আওয়ামী লীগসহ চৌদ্দ দল ও জাতীয় পার্টির রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হাতে হাত রেখে শপথবদ্ধ হন বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ ৩০টি দলের প্রতিনিধিরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ