জাতীয় সনদ’ ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়বে : জেএসডি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সনদ’ ছাড়া রক্তপাতের ঝুঁকি বাড়বে : জেএসডি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১২, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, জনগণের অংশগ্রহণে ধন্য গণঅভ্যুত্থানের পর জনগণের বিজয় ধরে রাখতে না পারলে এবং তাদের অভিপ্রায়ভিত্তিক প্রজাতন্ত্র নির্মাণে ‘জাতীয় সনদ’ গৃহীত না হলে, রাজনৈতিক নৈরাজ্য বা রক্তপাতের ঝুঁকি বাড়বে। পুরোনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে উচ্ছেদ করা সম্ভব হবে না। আন্দোলন-সংগ্রামে এবং রাষ্ট্রীয় রাজনীতির সংস্কারের স্বপক্ষে জনগণের মাঝে বীরোচিত ঐক্য স্থাপিত হয়েছে, এই বাস্তবতা রাজনৈতিক দলগুলোকে উপলব্ধি করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমজীবী-কর্মজীবী-পেশাজীবীদের ক্ষমতার অংশীদারিত্ব না দিলে, যে কোনো মুহূর্তে চরম সংকট ডেকে আনতে পারে। তা বিবেচনায় নিয়েই নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করতে হবে।

সংসদের উচ্চকক্ষ, প্রদেশ, স্বশাসিত স্থানীয় সরকার ও জাতীয় সনদ প্রণয়নের দাবিতে শনিবার (১২ এপ্রিল) ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বপন এসব কথা বলেন।

সভায় দলের সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ব্যাপক কাঠামোগত সংস্কার এবং রাজনৈতিক-সংস্কৃতি সংস্কার ছাড়া আওয়ামী দুঃশাসনের চরম প্রতিক্রিয়াশীল ব্যবস্থায় ফিরে যাওয়ার সম্ভাবনা থেকে জনগণ নিরাপদ হতে পারবে না। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা অক্ষত রেখে কোনো ধরনের আপস জনগণ মেনে নেবে না।

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা জেএসডির সভাপতি অ্যাডভোকেট মিয়া হোসেন। এতে আরও বক্তব্য দেন দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির উদ্দিন, ফারজানা দিবা, সাইফুল ইসলাম ফকির, অ্যাডভোকেট তাজ উদ্দিন সবুজ, গোলাম ফারুক বুলবুল, তানজিদুর রহমান পিয়াস, ডা. শামসুদ্দিন, ছাত্রনেতা সোহেল রানা প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ