জাতীয় সরকার গঠিত হলে বাংলাদেশ হবে স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র : নুর - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় সরকার গঠিত হলে বাংলাদেশ হবে স্থিতিশীল ও উন্নত রাষ্ট্র : নুর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

 

পটুয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ রাতারাতি গড়ে উঠবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমলাতন্ত্রের স্বভাব ও চরিত্রের পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। সেজন্য রাজনৈতিক সমঝোতা, ঐক্য এবং সম্মতির ভিত্তিতে আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার গঠিত হলে, সেই সরকার পাঁচ বছরে বাংলাদেশকে একটি স্থিতিশীল ও উন্নত রাষ্ট্রে পরিণত করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর চৌরাস্তায় জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, যদি আমাদের মধ্যে রাজনৈতিক বিভাজন ও অনৈক্য থেকে যায়, তাহলে ওই স্বৈরাচারী শক্তি আবার ফিরে আসবে, ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে। আমরা কেউ নিরাপদ থাকব না।

তিনি বলেন, একদিকে আমরা আশাবাদী-নির্বাচন হবে, মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে। অন্যদিকে নির্বাচনের আকাশে কালো মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি।

কারণ, গণ-অভ্যুত্থানের শক্তিসমূহ সরকারের সমালোচনা করলেই নাস্তানাবুদ করা হচ্ছে। এমনটা চলতে থাকলে সামনে সকলের জন্যই শনির দশা অপেক্ষা করছে। কাজেই প্রেক্ষাপট বিবেচনা করে এখনই আমাদের কথা বলা প্রয়োজন-কিভাবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যায়, সেদিকে সকল রাজনৈতিক দলের মনোযোগ দেয়া উচিত।
নুর আরও বলেন, গত ২৯ আগস্ট সেনাবাহিনীর একটি পথভ্রষ্ট অংশ দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য আমাদের ওপর হামলা চালিয়েছিল।

কিন্তু যখন তারা দেখেছে দেশের সমস্ত রাজনৈতিক দল একবিন্দুর নিচে এসে দাঁড়িয়েছে, একই দাবিতে ও একই সুরে কথা বলছে, তখন তারা পিছু হটতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, এই সরকার আমাদের সকলের সরকার। কিন্তু আমরা যেসব পরামর্শ দিই, সেগুলো সরকার সঠিকভাবে আমলে নেয় না। যার ফলে শুরুতে এ সরকারের যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, তা দিনদিন কমছে। কিছু বিতর্কিত কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে।

আমরা বলেছিলাম, মুজিব কোটের আধিপত্য একদিন শেষ হবে। এখন ফ্রি দিলেও মানুষ মুজিব কোর্ট নেবে না। ভয়েও এখন কেউ মুজিব কোট পরে না।
গণ-অধিকার পরিষদের এই নেতা জানান, ড. মুহাম্মদ ইউনূসের সাহসী ভূমিকায় এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা জানতে চাই, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা গণ অধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা সাধারণ সম্পাদক শাহ আলমসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ