জানুয়ারি জুড়ে জমজমাট বলিউড
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
বিশ্বের দ্বিতীয় বড় সিনেমা ইন্ডাস্ট্রি বলিউড। গেল বছর বড়পর্দা, ছোটপর্দা মিলিয়ে ২ শতাধিক সিনেমা মুক্তি পেয়েছে এখানে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে বছরের প্রথম মাসেই মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা ও দুই ওয়েব সিরিজ। তার মধ্যে বিগ বাজেটের সিনেমা ‘ফাইটার’ ও ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ অন্যতম।
তওবা তেরি জালওয়া
এখনও সালার, ডানকি ও অ্যানিমেল ঝড় শেষ হয়নি বলিউডে। এর মধ্যেই সপ্তাহের প্রথম শুক্রবার ৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে অক্ষয় দ্বিতে লামা পরিচালিত ‘তওবা তেরি জালওয়া’ সিনেমা। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আমিশা প্যাটেল ও রাজেশ শর্মা। থ্রিলার ও রোমান্স ধাঁচের গল্পে নির্মিত সিনেমাটি এ বছর বড়পর্দায় মুক্তি পাওয়া প্রথম বলিউড সিনেমা।
ম্যারি ক্রিসমাস
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দক্ষিণের তারকা অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে প্রথমবার জুটি হয়ে কাজ করেছেন। তাদের ‘ম্যারি ক্রিসমাস’ সিনেমাটি এর আগে বেশ কিছু মুক্তির তারিখ ঘোষণা করেছিল। তবে নানা কারণে ছবিটি মুক্তির মুখ দেখেনি। অবশেষে সিনেমাটি ১২ জানুয়ারি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ক্রাইম থ্রিলার ঘরানার ম্যারি ক্রিসমাস মুক্তি পাবে হিন্দি ও তামিল ভাষায়। বড়দিনের আগে ঘটে যাওয়া এক ‘অপ্রীতিকর’ ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প; যা ক্যাটরিনা ও বিজয়ের জীবনই বদলে দেয়। সিনেমাটি পরিচালনা করেছেন দক্ষিণের জনপ্রিয় নির্মাতা শ্রীরাম রাঘবান।
রুসলান
১২ জানুয়ারি বড়পর্দায় আরও একটি সিনেমা মুক্তি পাবে। ‘রুসলান’ নামে সিনেমাটি নির্মাণ করেছেন কাত্তিয়ান শিবপুরী। অ্যাকশন ও থ্রিলার গল্পে নির্মিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়ুশ শর্মা জগপতি বাবুকে। বিগ বাজেটের সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ভিদিয়া মালভেদা, মনীষ গাহারুয়া ও হলিউড অভিনেতা রিচার্ড ক্লেইন।
ইন্ডিয়ান পুলিশ ফোর্স
১৯ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে বহুলপ্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’। বিগ বাজেটের এ সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়, শিল্পা শেঠি ও সিদ্ধার্থ মালহোত্রা। সিরিজটি পরিচালনা করেছেন রোহিত শেঠ ও সুশান্ত প্রকাশ।
ফাইটার
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত নতুন সিনেমা ‘ফাইটার’। তারকায় ভরা এ সিনেমার প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ ছাড়া অভিনেতা হৃতিক রোশন ও অনিল কাপুরকে দেখা যাবে ছবিটিতে। ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে আকাশপথে ভয়ংকর যুদ্ধ দেখানো হবে। এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবে দর্শক। ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে বড়পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। গেল বছরের শুরুতেই ‘পাঠান’ দিয়ে বলিউড মাতিয়েছিলেন সিদ্ধার্থ। ধারণা করা হচ্ছে, এবার ফাইটার দিয়ে নতুন বছরকে সাফল্যের আলোয় স্বাগত জানাবেন তিনি।
কারাম্মা কলিং
ওটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে ২৬ জানুয়ারি মুক্তি পাবে সার্বা দাসের পরিচালনায় নতুন থ্রিলার ওয়েব সিরির ‘কারাম্মা কলিং’। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাভিনা ট্যান্ডন। ইতোমধ্যে সিরিজটির ট্রেলার দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রাভিনা ছাড়াও সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বরুণ সুদ, অ্যামি এলা, রোহি।
জনতার আওয়াজ/আ আ