জাপাকে প্রধান বিরোধী দল করার ষড়যন্ত্রে বিস্মিত প্রধান উপদেষ্টা: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘জাতীয় পার্টির ওপর ভর করে আপা ফিরতে পারেন। জাপাকে প্রধান বিরোধী দল করার ষড়যন্ত্রের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। আমরা বলেছি আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের অংশগ্রহণের সুযোগ নেই।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বৈঠকে রাশেদ খাঁন ছাড়াও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার লুনাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
রাশেদ খাঁন জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ছাড়াও নুরের বিষয়ে আমাদের সঙ্গে আলাদা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় উপদেষ্টা ড. আসিফ নজরুল, আদিলুর রহমান এবং রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘নুরকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার ওপর বর্বর হামলার বিষয়ে প্রধান উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নুর বিগত সরকারের সময়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন। এখনও এমন আচরণ মেনে নেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে সরকার। রাতের মধ্যে এর প্রতিবেদন প্রকাশ হওয়ার কথা।’
মামলা হয়েছে কিনা বা আটক হয়েছে কতজন এমন প্রশ্নে রাশেদ বলেন, ‘যেহেতু নুর আহত, তাই তিনি মামলা করতে পারেননি। আমাদের আইনজীবীরা এ বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন।’
রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, ‘আগামীতে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা।’
রাশেদ খাঁন আরও বলেন, ‘আমরা জানতে চেয়েছি সরকারের কর্মকর্তারা কি আপনাদের আনুগত্য করছে? আমরা তো দেখছি অনেকে সঠিক দায়িত্ব পালন করছেন না। আর সংবিধান ও গণভোটের বিষয়টি নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে হবে। আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের নিয়ে একটি রাজনৈতিক পরিষদ গঠনের কথা বলেছি। প্রতিটি দলই বলেছে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে নিজেদের উদ্বিগ্নতার কথা। সচিবালয়ে আওয়ামী আমলাদের রেখে সুষ্ঠু ভোট হবে কিনা, তাও জানতে চেয়েছি।’
নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার লুনা বলেন, ‘প্রধান উপদেষ্টা নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি জানিয়েছেন আইনগত ব্যবস্থা নেবেন।’ তিনি জানান, ‘নুরের শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হয়নি।’
ঘণ্টাব্যাপী বৈঠকে আরও অংশ নেয় আমার বাংলাদেশ (এবি) পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।
এর আগে রবিবার (৩১ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।
জনতার আওয়াজ/আ আ