জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে প্রতিবাদ বিপিএসএ’র - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপানি রাষ্ট্রদূতের বক্তব্যে প্রতিবাদ বিপিএসএ’র

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৪:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৪:২০ অপরাহ্ণ

 

জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি কর্তৃক জাতীয় নির্বাচন সংক্রান্তে বাংলাদেশ পুলিশ সম্পর্কে প্রদত্ত বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন (বিপিএসএ)।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, গত ১৪ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি পুলিশের বিরুদ্ধে যে ভিত্তিহীন ও অনাকঙ্ক্ষিত অভিযোগ উত্থাপন করেছেন তাতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য অত্যন্ত বিব্রত ও মর্মাহত হয়েছে। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

সেদিন ইতো নাওকি এক প্রশ্নের জবাবে উল্লেখ করে বলেন, ‘আমি শুনেছি, (গত নির্বাচনে) পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।’ জাপানি রাষ্ট্রদূতের বক্তব্য অসমর্থিত, ভিত্তিহীন ও অনভিপ্রেত।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন নিয়ে দেশের সকল মূল ধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের মতামতে সর্বত্রই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের চিত্র প্রতিফলিত হয়েছে। কিন্তু নির্বাচনে পুলিশের ভূমিকা সম্পর্কে তথ্য-উপাত্ত বিহীন ও যাচাই-বাছাই ব্যতিরেকে জাপানি রাষ্ট্রদূতের মতো দায়িত্বশীল ব্যক্তির এমন মন্তব্য বাংলাদেশ পুলিশসহ দেশবাসীকে হতবাক করেছে।

নির্বাচনে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রকৃত তথ্য হলো- বাংলাদেশ পুলিশ নিবার্চন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটকেন্দ্রের নিরাপত্তা প্রদান করে থাকে। ভোটারের প্রার্থী নির্বাচন প্রক্রিয়া বা ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের ভোট প্রদানে পুলিশের কোন ভূমিকা বা কার্যক্রম নেই। বাংলাদেশ পুলিশ সকল নির্বাচনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তা প্রদান করে থাকে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয় যে জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও উন্নয়নের বৃহৎ অংশীদার। ঐতিহাসিকভাবে জাপানের সাথে বাংলাদেশের সুগভীর অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশ সম্পর্কে রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্য বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্যকে হতাশ এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এই মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে তার বক্তব্যের বিব্রতকর অংশ প্রত্যাহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ