জাপানে ৪ দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপানে ৪ দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৫, ২০২৩ ৫:৪২ অপরাহ্ণ

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর দুই সপ্তাহের তিন দেশের সরকারি সফরে টোকিওই প্রথম যাত্রাবিরতি, এরপর তিনি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট জাপান সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৭টা ৫৬ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তার সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক (এমওসি) বা চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

আগামী ২৬ এপ্রিল দুই প্রধানমন্ত্রী (শেখ হাসিনা ও ফুমিও কিশিদা) বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানদের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ পুনর্ব্যবহার, কাস্টমস বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা ইত্যাদি খাতে দু’দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হবে।

এটি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। এর আগে প্রধানমন্ত্রী ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফর করেন।

সফরকালে প্রধানমন্ত্রী একটি বিনিয়োগ সম্মেলন ও একটি কমিউনিটি সংবর্ধনা এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন।

সূত্র : ইউএনবি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ