জামায়াতের সঙ্গে এনসিপির ‘ঘনিষ্ঠতা’ নিয়ে প্রশ্নে যা বললেন নাহিদ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের সঙ্গে এনসিপির ‘ঘনিষ্ঠতা’ নিয়ে প্রশ্নে যা বললেন নাহিদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ১৯, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। জুলাই-আগস্টের সেই গণবিপ্লবের অন্যতম নেতা ছিলেন নাহিদ ইসলাম। তিনি অন্তর্বর্তী সরকারেরও উপদেষ্টা ছিলেন ছয়মাস। সম্প্রতি সরকার থেকে বেরিয়ে এসে নতুন দল গঠন করেছেন। হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক। নতুন দল নিয়ে ভাবনা, জামায়াতের সঙ্গে সম্পর্ক, চলমান সংস্কারপ্রক্রিয়া, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনসহ নানা বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নাহিদ। সেটি তুলে ধরা হলো—

দ্য ডিপ্লোম্যাট: এনসিপি কি জামায়াতে ইসলামির ঘনিষ্ঠ? তাদের দাবিগুলোর সঙ্গে আপনাদের মিল রয়েছে বলে মনে হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে, এনসিপি বাংলাদেশে মৌলবাদের বিস্তারে অবদান রাখবে।

নাহিদ ইসলাম: বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি), জামায়াত, এনসিপি- আমরা সবাই আওয়ামী লীগের নেতাদের বিচারের দাবি জানাচ্ছি। এর অর্থ কি আমরা একে অপরের ঘনিষ্ঠ? মোটেও না। যদি তেমনটাই হতো তাহলে আমরা জোট গঠন করতাম।

এনসিপি এবং জামায়াত সম্পূর্ণ ভিন্ন দল। তাদের এজেন্ডা আলাদা। যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। জামায়াত আমাদের ঘনিষ্ঠও নয়। আমাদের কিছু দাবি মিলে যেতে পারে। যেমন, আমরা প্রথমে সংস্কারের পক্ষে। যার মাধ্যমে গণপরিষদ প্রতিষ্ঠা এবং বৃহত্তর কাঠামোগত পরিবর্তনকে অগ্রাধিকার দেই। এক্ষেত্রে আমরা মৌলবাদের ওপর নির্ভরশীল বলে যে দাবি তোলা হয়েছে তা একটি মিথ্যা আখ্যান প্রতিষ্ঠার প্রচেষ্টা। যেমন, কেউ কেউ জুলাই অভ্যুত্থানকে সন্ত্রাসী আন্দোলন (টেরোরিজম মুভমেন্ট) হিসেবে চিহ্নিত করছেন, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

দ্য ডিপ্লোম্যাট: আপনি আন্দোলন থেকে সরকারে গেছেন। পরে আবার রাজনীতিতে ফিরে এসেছেন এবং এতে সক্রিয় হয়েছেন। আপনার অভিজ্ঞতা কী?

নাহিদ ইসলাম: সরকারকে বাইরে থেকে দেখা আর ভেতর থেকে দেখা সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন বাংলাদেশের জন্য এটি ছিল বিশেষ চ্যালেঞ্জিং সময়। আমার জন্য ছিল কঠিন অভিজ্ঞতা। সময়ের দাবির প্রতি সাড়া দিয়ে আমি পদত্যাগ করে মূলধারার রাজনীতিতে প্রবেশ করেছি। এখন, আমি এই অভিজ্ঞতাকে আমার ভবিষ্যতের রাজনৈতিক যাত্রা গঠনের জন্য ব্যবহার করব। যেহেতু সামনের পথটি কঠিন বলে মনে হচ্ছে। একটি রাজনৈতিক দল গঠন করা আমার জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ, তবে আমি এটি মোকাবিলা করতে প্রস্তুত।

দ্য ডিপ্লোম্যাট: অন্তর্বর্তী সরকারে থাকাকালে আপনি কতটা সংস্কার করতে পেরেছেন?

নাহিদ ইসলাম: আমার স্বল্প মেয়াদে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ইন্টারনেট অবকাঠামোর স্তরগুলো সংশোধন করেছি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জন্য একটি সংস্কার রোডম্যাপ তৈরি করেছি এবং উন্নত তথ্য প্রবাহ নিশ্চিত করতে সেন্সরশিপ আরোপকারী বিভিন্ন আইনের সমাধান করেছি। যদিও এই সংস্কারগুলোর সম্পূর্ণ প্রভাব তাৎক্ষণিকভাবে দৃশ্যমান নাও হতে পারে, তবে আমি নিশ্চিত যে এগুলো দেশের জন্য দীর্ঘমেয়াদে সুবিধা বয়ে আনবে।

দ্য ডিপ্লোম্যাট: এনসিপি নিয়ে আপনার পরিকল্পনা কী? এটি কি ডানপন্থি দল হবে নাকি বামপন্থি?

নাহিদ ইসলাম: এর কোনোটাই হবে না। এনসিপি মধ্যপন্থি (সেন্ট্রিস্ট) রাজনৈতিক দল। এই আদর্শ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হচ্ছে নতুন কণ্ঠস্বর, বিশেষ করে তরুণ এবং সকল সামাজিক শ্রেণির ব্যক্তিদের জন্য জায়গা তৈরি করা। যারা বছরের পর বছর ধরে ঐতিহ্যবাহী রাজনীতি থেকে বাদ পড়েছে। আমরা একটি গণপরিষদ গঠনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র (সেকেন্ড রিপাবলিক) প্রতিষ্ঠার লক্ষ্য রাখি, যার মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান প্রবর্তন করে দেশের ক্ষমতা কাঠামো পুনর্গঠন করতে চাই। আমরা সক্রিয়ভাবে ধারণাগুলো অন্বেষণ করছি এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও স্পষ্ট রূপ দিতে মতামত সংগ্রহ করছি।

দ্য ডিপ্লোম্যাট: অনেকেই বলছেন এনসিপি ‘কিংস পার্টি’। তারা সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পাচ্ছে। এটা কি সত্য?

নাহিদ ইসলাম: যদি এনসিপি ‘কিংস পার্টি’ হতো তাহলে কি আমি সরকার থেকে পদত্যাগ করতাম? আমি থাকতে পারতাম, আমার অবস্থান ব্যবহার করতে পারতাম এবং ভেতর থেকে রাজনীতি করতে পারতাম। আমরা সরকারের কাছ থেকে কোনো বিশেষ সুবিধা পাচ্ছি না। অভ্যুত্থানে আমাদের ভূমিকার জন্য সরকার এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে কেবল অনুপ্রেরণা এবং স্বীকৃতি পাচ্ছি। তাছাড়া, অন্তর্বর্তীকালীন সরকার কোনো একদলীয় সরকার নয়। এতে বিভিন্ন আদর্শিক পটভূমির মানুষ অন্তর্ভুক্ত। ফলত, প্রতিটি দল সরকারের কাছ থেকে একই আচরণ পাচ্ছে।

কখন নির্বাচন চায় এনসিপি?
জাতীয় নির্বাচনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো সুনির্দিষ্ট সময়সীমা দিচ্ছি না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডিপ্লোম্যাটকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ সময় নতুন দলের সামনে কী কী চ্যালেঞ্জ সেগুলো নিয়েও কথা বলেছেন নাহিদ।

দ্য ডিপ্লোম্যাট: আপনি কখন সাধারণ নির্বাচন চান?

নাহিদ ইসলাম: আমাদের লক্ষ্য হচ্ছে পূর্ববর্তী শাসনব্যবস্থার অপরাধীদের বিচারের আওতায় আনা, দেশে স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা এবং একটি গণপরিষদ প্রতিষ্ঠা করা। আমরা সংবিধান এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের পক্ষে, যেন ফের ফ্যাসিবাদী শাসনের আবির্ভাব না হয়। ফলত নির্বাচন আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার নয়। আমরা বর্তমানে নির্বাচনের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করছি না।

দ্য ডিপ্লোম্যাট: আপনার নতুন দলের জন্য সামনে কী কী চ্যালেঞ্জ রয়েছে?

নাহিদ ইসলাম: প্রথমত, বাংলাদেশে প্রতিষ্ঠিত বহু রাজনৈতিক দল রয়েছে। এর ফলে তাদের সঙ্গে প্রতিযোগিতা করা আমাদের জন্য বেশ কঠিন হবে। যেহেতু নির্বাচনের আগে বেশি সময় নেই। সঠিক তারিখ অনিশ্চিত হলেও, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ইঙ্গিত দিয়েছেন যে, এটি ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের মাঝামাঝি হতে পারে।

দ্বিতীয়ত, তৃণমূল পর্যায়ে পৌঁছানো আরেকটি বড় চ্যালেঞ্জ। ক্যাম্পাস ও শহরের রাজনীতি থেকে গ্রামের রাজনীতি ভিন্নভাবে পরিচালিত হয় এবং এখানে ভিন্ন পদ্ধতিতে এগোতে হয়। আগামী মাস থেকে আমরা ঢাকার বাইরে প্রচার শুরু করতে যাচ্ছি। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড বজায় রাখা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হবে।

দ্য ডিপ্লোম্যাট: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি দলে সমান সুযোগ পাচ্ছে?

নাহিদ ইসলাম: হ্যাঁ। অতীতের তুলনায়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজনীতিতে আরও বেশি আগ্রহ দেখাচ্ছে। তারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দলে সকলের জন্য সমান সুযোগ রয়েছে। সকলের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক স্থান নিশ্চিত করছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ