জামায়াতে ইসলামী আমাদের সাথে একমত: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৭, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ নিয়ে অনেকটা বিভক্তি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিষয়টি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করেছেন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি দল।
গতকাল শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, আমরা জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠক করেছি। তারা কিছু বিষয়ে আমাদের সাথে একমত হয়েছেন। জামায়াতে ইসলামী বলেছে, রাষ্ট্রপতি তার পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। বিএনপির সাথে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের অপসারণ ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বিএনপির সাথে রাষ্ট্রপতির অপসারণ, দ্বিতীয় প্রজাতন্ত্র ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বিষয়ে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা করেছি। বিএনপি বলেছে, তারা দলীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা করে পর তাদের অবস্থান জানাবে।
এ সময় হাসনাত আবদুল্লাহ আজ রবিবার (২৭ অক্টোবর) ছাত্রনেতারা ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, গণঅধিকার পরিষদসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের সাথে এসব বিষয়ে বৈঠক করবেন বলে ঘোষণা দেন।
বিএনপির সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটোয়ারী। তিনি সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতিকে অবশ্যই অপসারণ করতে হবে। তবে আমরা এজন্য কোনো সময়সীমা দেইনি। এছাড়া মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় ঐক্যের বিকল্প নেই।’
বৈঠকে প্রতিনিধিদলে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ, নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন ও সদস্য সচিব আখতার হোসেন। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ