জামায়াত ক্ষমতায় গেলে নারীরা পছন্দ অনুযায়ী কাজ করবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মে ১, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের বোনদের নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনও সম্মান নেই, মর্যাদা নেই এবং তাদের কোনও নিরাপত্তা নেই। সেই রাষ্ট্রে তাদের মর্যাদাও কায়েম করব।
আজ বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি রকথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। নারী ও পুরুষ সবাই মিলে স্ব-স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় আমরা সবাই মিলে অবদান রাখব।
শ্রমিক বাঁচলে ব্যবসা বাঁচবে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিক যদি না বাঁচে ব্যবসা বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবেন মালিক-শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাহলে আমরাও বাঁচব। কারণ কর্মস্থল যদি ধ্বংস হয়ে যায় দাবিটা করবো কার কাছে। এজন্য উভয়পক্ষের দায়দায়িত্ব আছে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ