জামালপুরে ৯ ঘণ্টা পর অপহৃত নারী জীবিত উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫ ৯:৫৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামালপুরে অপহরণের ৯ ঘণ্টা পর অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়। এর আগে সকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে তার সাবেক স্বামী ও সহযোগীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে বন্যা খাতুন (২৬) নামে এক নারীকে পূর্বপরিকল্পিতভাবে জোরপূর্বক অপহরণ করে তার সাবেক স্বামী আবু বক্কর সিদ্দিক (৩৫) ও তার সহযোগীরা। ঘটনার পর অপহরণের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফুটেজটিতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি একটি সাদা রঙের মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কালো বোরকা পরিহিত নারী বন্যা খাতুন সাদা মাইক্রোবাসটি অতিক্রম করার সময় তার গতি রোধ করেন দুই ব্যক্তি। তাদের কথোপকথনের একপর্যায়ে মাইক্রোবাস থেকে একজন দ্রুতগতিতে নেমে এসে বন্যা খাতুনকে জোরপূর্বক জড়িয়ে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে অপহরণের ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
অপহৃত নারীর বাবা চান মিয়া (৫৫) বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৯ ঘণ্টা পর অপহৃত নারীকে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের মানিকের চর মোল্লাবাড়ি এলাকা থেকে জীবিত উদ্ধার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, অপহরণের ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। জামালপুর সদর থানা পুলিশ ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ একটি দল অভিযান চালিয়ে অপহৃত নারীকে জীবিত উদ্ধার করে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। অপহরণকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনতার আওয়াজ/আ আ